Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 46:10
Verse 10 is marked below, with the whole chapter around it. Read from the start
সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ অনুসারে।
ঈশ্বর আমাদের আশ্রয় ও বল,
সংকটকালে সদা উপস্থিত সহায়।
অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয়
এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়,
যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয়,
এবং উথাল জলে পর্বতসকল কেঁপে উঠে।
এক নদী আছে যার জলস্রোত ঈশ্বরের নগরীকে,
পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।
ঈশ্বর সেই নগরীর মধ্যে আছেন, তার পতন হবে না;
দিনের শুরুতেই ঈশ্বর তাকে সাহায্য করবেন।
জাতিরা বিশৃঙ্খলতায় পূর্ণ এবং তাদের রাজ্যগুলি পতিত হয়;
ঈশ্বরের কণ্ঠস্বর গর্জন করে এবং পৃথিবী গলে যায়!
সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন;
যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।
এসো এবং দেখো, সদাপ্রভু কী করেন,
দেখো, কীভাবে তিনি এই জগতে ধ্বংস নিয়ে আসেন।
তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত
যুদ্ধ বন্ধ করেন।
তিনি ধনুক ভেঙে দেন ও বর্শা চূর্ণ করেন;
তিনি ঢালগুলি আগুনে পুড়িয়ে দেন।
তিনি বলেন, “শান্ত হও, আর জানো, আমিই ঈশ্বর;
সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব,
সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব।”
সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন;
যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.