Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 147
সদাপ্রভুর প্রশংসা করো,
আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসা করা কত উত্তম,
তাঁর প্রশংসা করা কত মনোরম ও যথাযোগ্য।
সদাপ্রভু জেরুশালেমকে গড়ে তোলেন,
তিনি নির্বাসিত ইস্রায়েলকে একত্র করেছেন।
তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন,
এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন।
আকাশের তারাদের সংখ্যা তিনি নির্ণয় করেন,
এবং তাদের প্রত্যেককে তিনি নাম ধরে ডাকেন।
মহান আমাদের প্রভু ও অতিশয় শক্তিমান,
তার বোধশক্তির কোনও সীমা নেই।
সদাপ্রভু নম্রচিত্তদের বাঁচিয়ে রাখেন
কিন্তু দুষ্টদের ভূমিতে নিক্ষেপ করেন।
স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো;
বীণার ঝঙ্কারে আমাদের ঈশ্বরের উদ্দেশে গান গাও।
তিনি মেঘরাশি দিয়ে আকাশকে আচ্ছন্ন করেন;
তিনি পৃথিবীতে বৃষ্টি দেন,
এবং তিনি পর্বতে ঘাস বৃদ্ধি করেন।
তিনি পশুপালের জন্য খাবারের জোগান দেন
এবং দাঁড়কাকের শাবকগুলিকে দেন, যখন তারা ডাকে।
তিনি ঘোড়ার শক্তিতে আনন্দ করেন না,
যোদ্ধার বলে তিনি সন্তুষ্ট হন না;
সদাপ্রভু তাদের উপর সন্তুষ্ট যারা তাঁকে সম্ভ্রম করে,
যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে।
হে জেরুশালেম, সদাপ্রভুর গুণকীর্তন করো;
হে সিয়োন, তোমার ঈশ্বরের প্রশংসা করো।
কারণ তিনি তোমার দরজার খিল দৃঢ় করেন,
এবং তিনি তোমার মধ্যে তোমার লোকেদের আশীর্বাদ করেন।
তিনি তোমার সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করেন,
এবং সেরা গম দিয়ে তোমাকে পরিতৃপ্ত করেন।
তিনি তাঁর আদেশ পৃথিবীতে প্রেরণ করেন;
এবং তার বাক্য দ্রুতবেগে ছুটে যায়।
তিনি সাদা পশমের মতো বরফ ছড়িয়ে দেন
এবং ছাইয়ের মতো তুষার ছিটিয়ে দেন।
তিনি নুড়ি-পাথরের মতো শিলা নিক্ষিপ্ত করেন।
তাঁর হাড় কাঁপানো শীত কে সহ্য করতে পারে?
তিনি তাঁর বাক্য পাঠিয়ে সেই সমস্ত গলিয়ে দেন;
তিনি তাঁর বায়ু জাগিয়ে তোলেন আর জল প্রবাহিত হয়।
তিনি যাকোবের কাছে তাঁর বাক্য,
ইস্রায়েলের কাছে তাঁর বিধি ও অনুশাসন প্রকাশ করেছেন।
তিনি অন্য কোনও জাতির জন্য এসব করেননি;
কারণ তাঁর বিধিনিয়ম তারা জানে না।
সদাপ্রভুর প্রশংসা করো।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.