Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 146
সদাপ্রভুর প্রশংসা করো।
হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।
আমি সারা জীবন সদাপ্রভুর প্রশংসা করব।
আমি যতদিন বাঁচব ততদিন আমার ঈশ্বরের প্রশংসা করব।
তোমরা অধিপতিদের উপর আস্থা রেখো না,
মানুষের উপর রেখো না, যারা রক্ষা করতে পারে না।
যখন তাদের প্রাণবায়ু বেরিয়ে যায় তখন তারা ধুলোতে ফিরে আসে,
সেই দিনই তাদের সব পরিকল্পনার অবসান ঘটে।
ধন্য সেই ব্যক্তি, যার সহায় যাকোবের ঈশ্বর,
ঈশ্বর সদাপ্রভুতেই তার সব প্রত্যাশা।
তিনি আকাশমণ্ডল ও পৃথিবী,
সাগর ও তাদের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা—
তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন,
আর ক্ষুধার্তদের খাবার জোগান দেন।
সদাপ্রভু বন্দিদের মুক্ত করেন।
সদাপ্রভু দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন,
সদাপ্রভু অবনতদের উত্থাপন করেন,
সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন।
সদাপ্রভু বিদেশিদের রক্ষা করেন
অনাথ ও বিধবাদের তিনি বহন করেন,
কিন্তু তিনি দুষ্টদের সংকল্প ব্যর্থ করেন।
সদাপ্রভু চিরকাল রাজত্ব করেন,
তোমার ঈশ্বর, হে সিয়োন, বংশানুক্রমে করেন।
সদাপ্রভুর প্রশংসা করো।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.