Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 112
সদাপ্রভুর প্রশংসা করো।
ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুকে সম্ভ্রম করে,
যে তাঁর আজ্ঞা পালনে মহা আনন্দ পায়।
তাদের সন্তানসন্ততিরা এ জগতে শক্তিশালী হবে,
ন্যায়পরায়ণদের প্রজন্ম ধন্য হবে।
ধনসম্পদ ও ঐশ্বর্য তার গৃহে আছে,
এবং তার ধার্মিকতা চিরস্থায়ী হয়।
ন্যায়পরায়ণের জন্য অন্ধকারের মাঝে আলো উদয় হয়,
সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।
যে উদার ও মুক্তহস্তে দান করে, তার মঙ্গল হবে,
সে নিজের বিষয়গুলি ন্যায়ের সঙ্গে নিষ্পত্তি করে।
নিশ্চয় সে কখনও বিচলিত হবে না;
কিন্তু ধার্মিককে চিরকাল মনে রাখা হবে।
অশুভ সংবাদে সে ভয় করবে না;
তার হৃদয় অবিচল, তা সদাপ্রভুতে আস্থা রাখে।
তার হৃদয় সুস্থির, সে ভয় করবে না;
অবশেষে সে বিজয়ীর মতো তার শত্রুদের দিকে তাকাবে।
সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে,
তার ধার্মিকতা চিরস্থায়ী;
তার শিং1 গৌরবে উন্নত হবে।
দুষ্টলোক এসব দেখবে আর উত্ত্যক্ত হবে,
সে ক্রোধে দন্তঘর্ষণ করবে আর নিঃশেষ হবে;
দুষ্টদের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে।
Source notes (1)
- Footnote শিং এখানে মর্যাদার অর্থ বহনকারী।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.