Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 101
দাউদের গীত।
আমি তোমার প্রেম ও ন্যায়পরায়ণতার সম্পর্কে গাইব;
তোমার উদ্দেশে, হে সদাপ্রভু, আমি স্তবগান করব।
সতর্ক হয়ে আমি নির্দোষ জীবন কাটাব—
কখন তুমি আমার কাছে আসবে?
আমি নিজের গৃহে
সততার সঙ্গে জীবন কাটাব।
যা কিছু জঘন্য ও কুরুচিপূর্ণ
তা দেখতে আমি অস্বীকার করব।
আমি ভ্রষ্টাচারীদের কাজকর্ম ঘৃণা করি;
তাদের সঙ্গে আমি কোনও সম্বন্ধ রাখব না।
যে হৃদয়ে বিকৃত সে আমার কাছ থেকে দূরে থাকবে;
আমি সব ধরনের মন্দ থেকে দূরে সরে থাকব।
যে কেউ গোপনে প্রতিবেশীর অপবাদ করে,
আমি তাকে উচ্ছেদ করব;
যার দৃষ্টি উদ্ধত ও হৃদয় অহংকারী,
আমি তাকে সহ্য করব না।
দেশের বিশ্বস্তদের প্রতি আমার দৃষ্টি থাকবে,
যেন তারা আমার সঙ্গে বসবাস করতে পারে;
যে সিদ্ধ পথে চলে
সে আমার পরিচর্যা করবে।
যারা প্রতারক
তারা কেউ আমার গৃহে বসবাস করবে না;
যারা মিথ্যা কথা বলে
তারা আমার সামনে দাঁড়াবে না।
প্রতি সকালে, দেশের সব দুষ্টকে
আমি নাশ করব;
সদাপ্রভুর নগর থেকে
আমি সব অনিষ্টকারীকে উচ্ছেদ করব।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.