Skip to content
BibleKenya

Biblica® Open Bengali Contemporary Version 2019

গীত 76

সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে। আসফের গীত। একটি সংগীত।

ঈশ্বর যিহূদাতে সুপরিচিত;

ইস্রায়েলে তাঁর নাম মহান।

তাঁর তাঁবু শালেম নগরীতে আছে,

তাঁর বাসস্থান সিয়োনে।

সেখানে তিনি শত্রুর জ্বলন্ত তির,

ঢাল, তরোয়াল, ও যুদ্ধের অস্ত্রশস্ত্র চূর্ণ করেছেন।

চিরস্থায়ী পর্বতমালা থেকে

তুমি উজ্জ্বল এবং অতি মহিমান্বিত।

সাহসী শত্রুরা লুন্ঠিত হয়েছে

তারা আমাদের সামনে মৃত্যুর ঘুমে আচ্ছন্ন।

কোনো যোদ্ধা আমাদের বিরুদ্ধে

হাত তুলতে পারেনি।

হে যাকোবের ঈশ্বর, তোমার তিরস্কারে

ঘোড়া ও রথ, সবই অনড় হয়ে পড়ে আছে।

শুধু তুমিই এর যোগ্য যে সকলে তোমাকে সম্ভ্রম করবে।

তুমি ক্রুদ্ধ হলে কে তোমার সামনে দাঁড়াতে পারে?

স্বর্গ থেকে তুমি রায় ঘোষণা করেছ,

পৃথিবী কেঁপে উঠল আর নিঃশব্দে তোমার সামনে দাঁড়াল—

যখন তুমি হে ঈশ্বর, অন্যায়কারীদের বিচার

ও জগতের নিপীড়িতদের উদ্ধার করার জন্য উঠে দাঁড়িয়েছ।

নিশ্চয় মানুষের অবাধ্যতা তোমার মহিমা বৃদ্ধি করে

কেননা তুমি তা অস্ত্র হিসেবে ব্যবহার করো।

তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে শপথ করো ও তা পূর্ণ করো;

প্রতিবেশী দেশবাসীরা তাঁর কাছে উপহার নিয়ে আসুক

যিনি সকলের কাছে ভয়াবহ।

তিনি শাসকদের আত্মা চূর্ণ করেন;

এবং পৃথিবীর রাজারা তাঁকে সম্ভ্রম করে।

Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.