Skip to content
BibleKenya

Biblica® Open Bengali Contemporary Version 2019

গীত 48

একটি সংগীত। কোরহ বংশের সন্তানদের একটি গীত।

আমাদের ঈশ্বরের নগরীতে এবং তাঁর পবিত্র পর্বতে,

সদাপ্রভু মহান, আর তিনি সর্বোচ্চ প্রশংসার যোগ্য।

কী সুন্দর সেই উচ্চভূমি,

যা সারা পৃথিবীর আনন্দস্থল,

সাফোনের উচ্চতার মতো সিয়োন পর্বত,

যা মহান রাজার নগরী।

ঈশ্বর, সেই নগরীর অট্টালিকা সমূহের মধ্যে

উচ্চদুর্গ বলে নিজেকে প্রকাশ করেছেন।

পৃথিবীর রাজারা দলে দলে যোগ দিয়েছে

এবং নগরীর বিরুদ্ধে অভিযান করেছে।

কিন্তু তারা যখন তাকে দেখেছে, তারা বিস্মিত হয়েছে,

আতঙ্কিত হয়েছে আর পালিয়ে গেছে।

আতঙ্ক তাদের সেখানে গ্রাস করেছিল,

এবং প্রসববেদনায় ক্লিষ্ট মহিলার মতো যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল।

পূবের বাতাসে চূর্ণবিচূর্ণ হওয়া তর্শীশের জাহাজের মতো

তুমি তাদের ধ্বংস করেছিলে।

আমরা যেমন শুনেছি,

সর্বশক্তিমান সদাপ্রভুর নগরীতে,

আমাদের ঈশ্বরের নগরীতে

তেমন দেখেছি:

ঈশ্বর চিরকাল তাকে

সুরক্ষিত রাখেন।

তোমার মন্দিরে, হে ঈশ্বর,

আমরা তোমার অবিচল প্রেমে ধ্যান করি।

তোমার নামের মতো, হে ঈশ্বর,

তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছায়;

তোমার শক্তিশালী ডান হাত ধার্মিকতায় পূর্ণ।

তোমার ন্যায়বিচারে,

সিয়োন পর্বত উল্লাস করে,

যিহূদার গ্রামগুলি আনন্দিত হয়।

যাও, জেরুশালেম নগরী1 পরিদর্শন করো,

তার দুর্গসকল গণনা করো;

তার দৃঢ় প্রাচীর লক্ষ্য করো,

তার অট্টালিকাগুলি দেখো,

যেন তুমি আগামী প্রজন্মের কাছে

এই সবের বর্ণনা করতে পারো।

কারণ এই ঈশ্বর অনন্তকাল ধরে আমাদের ঈশ্বর;

তিনি শেষ পর্যন্ত আমাদের পথপ্রদর্শক হবেন।

Source notes (1)
  1. Footnote হিব্রু ভাষায় সিয়োন

Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.