Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 37:4
Verse 4 is marked below, with the whole chapter around it. Read from the start
দাউদের গীত।
যারা দুষ্ট তাদের দিকে তাকিয়ে বিচলিত হোয়ো না
যারা মন্দ কাজ করে তাদের দেখে ঈর্ষা কোরো না;
কারণ ঘাসের মতো তারা অচিরেই শুকিয়ে যাবে,
সবুজ লতার মতো তারা অচিরেই বিনষ্ট হবে।
সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো;
এই দেশে বসবাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।
সদাপ্রভুতে আনন্দ করো,
তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।
তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো;
তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:
তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের মতো,
আর তোমার সততা মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল করবেন।
সদাপ্রভুর সামনে নীরব হও,
ধৈর্য ধরে তাঁর প্রতীক্ষায় থাকো;
যখন দুষ্ট ব্যক্তিরা তাদের জীবনে সফল হয়,
যখন তারা তাদের মন্দ পরিকল্পনা কার্যকর করে, তখন বিচলিত হোয়ো না।
রাগ থেকে দূরে থাকো আর ক্রোধ থেকে মুখ ফেরাও;
বিচলিত হোয়ো না, তা কেবল মন্দের দিকে নিয়ে যায়।
কারণ যারা দুষ্ট তারা ধ্বংস হবে,
কিন্তু যারা সদাপ্রভুতে আশা রাখে তারা দেশের অধিকারী হবে।
আর কিছুকাল পরেই দুষ্টদের অস্তিত্ব লোপ পাবে;
তুমি তাদের খোঁজ করতে পারো কিন্তু তাদের পাওয়া যাবে না।
কিন্তু যারা নম্র তারা দেশের অধিকারী হবে,
এবং শান্তি ও প্রাচুর্য উপভোগ করবে।
যারা দুষ্ট তারা ধার্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে
আর তাদের প্রতি ক্রোধে দন্তঘর্ষণ করে;
কিন্তু সদাপ্রভু দুষ্টদের দিকে তাকিয়ে হাসেন
কারণ তিনি জানেন যে তাদের দিন ঘনিয়ে আসছে।
দুষ্টেরা তরোয়াল বের করে,
আর ধনুকে গুণ পরায়
কারণ তারা দরিদ্র ও অভাবী মানুষদের বিনাশ করতে চায়,
যারা ন্যায়পরায়ণ তাদের হত্যা করতে চায়।
কিন্তু তাদের তরোয়ালগুলি তাদের নিজেদের হৃদয় বিদ্ধ করবে,
আর তাদের ধনুকও চূর্ণ হবে।
বহু দুষ্টের ঐশ্বর্যের চেয়ে
ধার্মিকের সামান্য সম্বল শ্রেয়;
কারণ দুষ্টদের ক্ষমতা চূর্ণ হবে,
কিন্তু সদাপ্রভু ধার্মিকদের ধারণ করেন।
দিনের পর দিন সদাপ্রভু নির্দোষদের রক্ষা করেন
আর তারা এমন এক অধিকার পাবে যা চিরস্থায়ী হবে।
সংকটকালে তারা শুকিয়ে যাবে না;
দুর্ভিক্ষের দিনে তারা প্রাচুর্য উপভোগ করবে।
কিন্তু দুষ্টেরা বিনষ্ট হবে:
যদিও সদাপ্রভুর শত্রুরা মাঠের ফুলের মতো,
তাদের গ্রাস করা হবে, আর তারা ধোঁয়ার মতো মিলিয়ে যাবে।
দুষ্টেরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না,
কিন্তু ধার্মিকেরা উদারতার সাথে দান করে;
যাদের সদাপ্রভু আশীর্বাদ করেন তারা দেশের অধিকারী হবে,
কিন্তু যাদের তিনি অভিশাপ দেন তারা ধ্বংস হবে।
যে ব্যক্তি সদাপ্রভুতে আমোদ করে
সদাপ্রভু তার পদক্ষেপ সুদৃঢ় করেন;
হোঁচট খেলেও তার পতন হবে না,
কারণ সদাপ্রভু তাকে স্বহস্তে ধরে রাখেন।
আমি তরুণ ছিলাম এবং এখন প্রবীণ হয়েছি,
কিন্তু আমি দেখিনি যে ধার্মিকদের পরিত্যাগ করা হয়েছে
অথবা তাদের ছেলেমেয়েরা ভিক্ষা করছে।
তারা সর্বদা উদার ও মুক্তহস্তে ঋণ দান করে,
তাদের ছেলেমেয়েরা আশীর্বাদপ্রাপ্ত হয়।
মন্দতা বর্জন করো আর সৎকাজ করো;
তাহলে চিরকাল তোমরা দেশে বসবাস করবে।
কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণকে ভালোবাসেন
আর তিনি তাঁর বিশ্বস্তজনেদের পরিত্যাগ করবেন না।
তারা চিরতরে রক্ষিত হবে;
কিন্তু দুষ্টদের ছেলেমেয়েরা বিনষ্ট হবে।
ধার্মিকেরাই দেশের অধিকারী হবে
এবং তারা চিরকাল সেখানে বসবাস করবে।
ধার্মিকদের মুখ জ্ঞানের কথা বলে,
তাদের জিভ যা ন্যায্য তাই বলে।
তাদের ঈশ্বরের বিধান তাদের অন্তরে আছে;
আর তাদের পা পিছলায় না।
যে দুষ্ট সে ধার্মিকদের পথ গোপনে লক্ষ্য রাখে,
সে তাদের হত্যা করার চেষ্টা করে,
কিন্তু সদাপ্রভু তাদের দুষ্টদের হাতে ছেড়ে দেবেন না
বা তাদের বিচারে নিয়ে আসা হলে দোষী সাব্যস্ত হতে দেবেন না।
সদাপ্রভুর আশায় থাকো
আর তাঁর পথে অগ্রসর হও।
তিনি তোমাকে দেশের অধিকার দেবার জন্য উন্নীত করবেন;
যখন দুষ্টেরা ধ্বংস হবে, তোমরা দেখতে পাবে।
আমি দুষ্ট ও নিষ্ঠুর ব্যক্তিদের দেখেছি
স্বভূমিতে সতেজ গাছের মতো প্রসারিত হতে দেখেছি,
কিন্তু আবার যখন দৃষ্টিপাত করেছি, তারা নিশ্চিহ্ন হয়েছে;
আমি তাদের খোঁজার চেষ্টা করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
নির্দোষদের কথা ভাবো, ন্যায়পরায়ণদের প্রতি দৃষ্টিপাত করো;
যারা শান্তি খোঁজে তাদের এক ভবিষ্যৎ আছে,
কিন্তু পাপীরা সবাই ধ্বংস হবে;
দুষ্টদের কোনও ভবিষ্যৎ নেই।
ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে;
সংকটকালে তিনিই তাদের আশ্রয় দুর্গ।
সদাপ্রভু তাদের সাহায্য করেন ও তাদের উদ্ধার করেন;
তিনি তাদের দুষ্টদের কবল থেকে উদ্ধার করেন ও মুক্ত করেন,
কারণ তারা যে তাঁরই শরণাগত।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.