Skip to content
BibleKenya

Biblica® Open Bengali Contemporary Version 2019

হিতোপদেশ 4

যে কোনো মূল্যে প্রজ্ঞা লাভ করো

হে আমার বাছারা, একজন বাবার উপদেশ শোনো;

মনোযোগ দাও ও বিচক্ষণতা লাভ করো।

আমি তোমাদের নির্ভরযোগ্য শিক্ষা দিচ্ছি,

তাই আমার দেওয়া শিক্ষা পরিত্যাগ কোরো না।

কারণ আমিও এক সময় আমার বাবার ছেলে ছিলাম,

তখনও সুকুমার ছিলাম, ও আমার মায়ের দ্বারা লালিত হয়েছিলাম।

তখন বাবা আমাকে শিক্ষা দিয়েছিলেন, ও বলেছিলেন,

“সর্বান্তঃকরণে আমার বলা কথাগুলি ধরে রেখো;

আমার আদেশগুলি পালন কোরো, ও তুমি বেঁচে যাবে।

প্রজ্ঞা অর্জন করো, বিচক্ষণতা অর্জন করো;

আমার কথাগুলি ভুলে যেয়ো না বা সেগুলি থেকে সরে যেয়ো না।

প্রজ্ঞাকে পরিত্যাগ কোরো না, ও সে তোমাকে রক্ষা করবে;

তাকে ভালোবেসো, ও সে তোমাকে পাহারা দেবে।

প্রজ্ঞার আরম্ভ এইরকম: প্রজ্ঞা অর্জন করো।1

এর মূল্যরূপে তোমার যথাসর্বস্য দিতে হলেও,2 বিচক্ষণতা অর্জন করো।

তাকে লালনপালন করো, ও সে তোমাকে উন্নত করবে;

তাকে সাগ্রহে গ্রহণ করো, ও সে তোমাকে সম্মানিত করবে।

সে তোমার মাথার শোভাবর্ধন করার জন্য এক ফুলমালা দেবে

ও তোমাকে চমৎকার এক মুকুট উপহার দেবে।”

হে আমার বাছা, শোনো, আমি যা বলি তা গ্রহণ করো,

ও তোমার জীবনের আয়ু সুদীর্ঘ হবে।

আমি তোমাকে প্রজ্ঞার পথের বিষয়ে শিক্ষা দিয়ে যাচ্ছি

ও সোজা পথে চালাচ্ছি।

তুমি যখন চলবে, তোমার পদক্ষেপ ব্যাহত হবে না;

তুমি যখন দৌড়াবে, তখন হোঁচট খাবে না।

উপদেশ ধরে রেখো, তা ছেড়ে দিয়ো না;

তা ভালোভাবে পাহারা দাও, কারণ তাই তোমার জীবন।

দুষ্টদের পথে পা বাড়িয়ো না

বা অনিষ্টকারীদের পথে হেঁটো না।

সে পথ এড়িয়ে চলো, সে পথে ভ্রমণ কোরো না;

সেখান থেকে ফিরে এসো ও নিজের পথে চলে যাও।

কারণ অনিষ্ট না করা পর্যন্ত তারা বিশ্রাম নিতে পারে না;

কাউকে হোঁচট না খাওয়ানো পর্যন্ত তাদের চোখে ঘুম আসে না।

তারা দুষ্টতার রুটি খায়

ও হিংস্রতার দ্রাক্ষারস পান করে।

ধার্মিকদের পথ প্রভাতি সূর্যের মতো,

যা মধ্যাহ্ন পর্যন্ত ক্রমাগত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতেই থাকে।

কিন্তু দুষ্টদের পথ ঘন অন্ধকারের মতো;

তারা জানেই না কীসে তারা হোঁচট খায়।

হে আমার বাছা, আমি যা বলি তাতে মনোযোগ দাও;

আমার কথায় কর্ণপাত করো।

সেগুলি তোমার দৃষ্টির অগোচর হতে দিয়ো না,

সেগুলি তোমার হৃদয়ে গেঁথে রাখো;

কারণ যারা সেগুলি খুঁজে পায় তাদের পক্ষে সেগুলি জীবন

ও তাদের সারা শরীরের স্বাস্থ্যস্বরূপ।

সর্বোপরি, তোমার হৃদয়কে পাহারা দিয়ে রাখো,

কারণ তুমি যাই কিছু করো না কেন, তা সেখান থেকেই প্রবাহিত হয়।

তোমার মুখকে নষ্টামি-মুক্ত রাখো;

তোমার ঠোঁট থেকে নীতিভ্রষ্ট কথাবার্তা দূরে সরিয়ে রাখো।

তোমার চোখ সোজা সামনে তাকিয়ে থাকুক;

স্থিরদৃষ্টিতে সরাসরি সামনের দিকে তাকাও।

তোমার হাঁটা পথের দিকে সতর্ক নজর দাও3

ও তোমার সমস্ত পথে অবিচল হও।

ডাইনে বা বাঁয়ে ফিরো না;

মন্দ থেকে তোমার পা দূরে সরিয়ে রাখো।

Source notes (3)
  1. Footnote অথবা, প্রজ্ঞাই সর্বশ্রেষ্ঠ, তাই তা অর্জন করো
  2. Footnote অথবা, তুমি আর যা কিছু অর্জন করো না কেন,
  3. Footnote অথবা, তোমার পায়ের পথ সমান করো

Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.