Biblica® Open Bengali Contemporary Version 2019
যিরমিয় 47
ফিলিস্তিনীদের সম্পর্কে একটি বার্তা
ফরৌণ গাজা আক্রমণ করার পূর্বে, ফিলিস্তিনীদের সম্পর্কে ভাববাদী যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল:
সদাপ্রভু এই কথা বলেন,
“দেখো, উত্তর দিকের জলরাশি কেমন ফেঁপে উঠছে;
তা এক উপচে পড়া স্রোতে পরিণত হবে।
তা সেই দেশ, তার নগরগুলি ও সেগুলির মধ্যে বসবাসকারী
সব কিছুকেই প্লাবিত করবে।
লোকেরা চিৎকার করে উঠবে,
দেশে বসবাসকারী সকলেই বিলাপ করবে
দ্রুততম গতিতে ছুটে আসা অশ্বদের খুরের শব্দে,
শত্রুপক্ষের রথসমূহের কোলাহলে
ও তাদের চাকাগুলির ঘরঘরানিতে।
বাবারা তাদের সন্তানদের সাহায্য করতে ফিরে আসবে না,
তাদের হাতগুলি অবশ হয়ে ঝুলে থাকবে।
কারণ সব ফিলিস্তিনীকে ধ্বংস করার,
যারা সোর ও সীদোনের সাহায্য করত,
সেই সমস্ত অবশিষ্ট লোককে উচ্ছিন্ন করার দিন,
এসে পড়েছে।
সদাপ্রভু ফিলিস্তিনীদের ধ্বংস করতে চলেছেন,
কপ্তোরের1 উপকূল থেকে আসা অবশিষ্টদের তিনি ধ্বংস করবেন।
গাজা বিলাপ করে তার মস্তক মুণ্ডন করবে;
অস্কিলোন নীরব হবে।
হে সমতলভূমির অবশিষ্ট লোকেরা,
তোমরা কত কাল নিজেদের শরীর কাটাকুটি করবে?
“ ‘আহ্, সদাপ্রভুর তরোয়াল,
আর কত কাল পরে তুমি ক্ষান্ত হবে?
তুমি নিজের কোষে প্রবেশ করো,
নিবৃত্ত হও ও শান্ত হও।’
কিন্তু তা কেমন করে ক্ষান্ত হবে,
যখন সদাপ্রভু তাকে আদেশ দিয়েছেন?
যখন তাঁর আদেশ নির্গত হয়েছে
অস্কিলোন ও উপকূল এলাকা আক্রমণ করার?”
Source notes (1)
- Footnote অর্থাৎ, ক্রীট দ্বীপের।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.