Skip to content
BibleKenya

Biblica® Open Bengali Contemporary Version 2019

আদি পুস্তক 10

জাতিসমূহের তালিকা

এই হল নোহের ছেলে শেম, হাম ও যেফতের বিবরণ, যারা স্বয়ং বন্যার পর সন্তান লাভ করলেন।

যেফতীয়রা

যেফতের ছেলেরা1:

গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।

গোমরের ছেলেরা:

অস্কিনস, রীফৎ, এবং তোগর্ম।

যবনের ছেলেরা:

ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং রোদানীম।2 (এদের থেকেই সমুদ্র-উপকূল নিবাসী লোকেরা, প্রত্যেকে তাদের নিজস্ব ভাষা সমেত নিজেদের বংশানুসারে, তাদের এলাকায় ছড়িয়ে পড়েছিল।)

হামাতীয়রা

হামের ছেলেরা:

কূশ, মিশর, পূট ও কনান।

কূশের ছেলেরা:

সবা, হবীলা, সব্‌তা, রয়মা ও সব্‌তেকা।

রয়মার ছেলেরা:

শিবা ও দদান।

কূশ সেই নিম্রোদের বাবা3, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন। সদাপ্রভুর সামনে তিনি বলশালী এক শিকারি হলেন; তাই বলা হয়ে থাকে, “সদাপ্রভুর সামনে নিম্রোদের মতো বলশালী এক শিকারি।” শিনারে4 অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্‌নী5 তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল। সেই দেশ থেকে তিনি সেই আসিরিয়া দেশে গেলেন, যেখানে তিনি নীনবী, রহোবোৎ ঈর6, কেলহ ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর।

মিশর ছিলেন

সেই লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, কস্‌লূহীয় (যাদের থেকে ফিলিস্তিনীরা উৎপন্ন হয়েছে) ও কপ্তোরীয়দের বাবা।

কনান ছিলেন

তাঁর বড়ো ছেলে সীদোনের7, ও হিত্তীয়, যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়দের বাবা।

(পরবর্তীকালে কনানীয় বংশ ইতস্তত ছড়িয়ে পড়ল এবং কনানের সীমানা সীদোন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত, ও পরে লাশার দিকে সদোম, ঘমোরা, অদ্‌মা, ও সবোয়ীম পর্যন্ত বিস্তৃত হল)

তাদের এলাকা ও জাতি ধরে এরাই হল বংশ ও ভাষা অনুসারে হামের সন্তান।

শেমাতীয়রা

সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ8; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।

শেমের ছেলেরা:

এলম, অশূর, অর্ফক্‌ষদ, লূদ ও অরাম।

অরামের ছেলেরা:

ঊষ, হূল, গেথর, ও মেশক9।

অর্ফক্‌ষদ হলেন শেলহের বাবা10,

এবং শেলহ এবরের বাবা।

এবরের দুটি ছেলের জন্ম হল:

একজনের নাম দেওয়া হল পেলগ11, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।

যক্তন হলেন

অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, হদোরাম, ঊষল, দিক্ল, ওবল, অবীমায়েল, শিবা, ওফীর, হবীলা ও যোববের বাবা। তারা সবাই যক্তনের বংশধর ছিলেন।

(পূর্বদিকের পার্বত্য দেশের যে এলাকায় তারা বসবাস করতেন, সেটি মেষা থেকে সফার পর্যন্ত বিস্তৃত ছিল)

তাদের এলাকা ও জাতি ধরে বংশ ও ভাষা অনুসারে এরাই শেমের সন্তান।

তাদের জাতিগুলির মধ্যে, বংশানুক্রমিকভাবে এরাই নোহের ছেলেদের বংশধর। বন্যার পর এদের থেকেই বিভিন্ন জাতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল।

Source notes (11)
  1. Footnote ছেলেরা শব্দটির অর্থ হতে পারে বংশধরেরা, বা উত্তরসূরিরা, বা জাতিরা; কথাটি 3, 4, 6, 7, 20-23, 29 ও 31 পদের ক্ষেত্রেও প্রযোজ্য।
  2. Footnote কয়েকটি প্রাচীন পাণ্ডুলিপি অনুসারে শব্দটি হল দোদানীম
  3. Footnote বাবা শব্দটির অর্থ হতে পারে পূর্বপুরুষ বা পূর্বসূরি বা প্রতিষ্ঠাতা; verses 13, 15, 24 ও 26 পদের ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য।
  4. Footnote অর্থাৎ, ব্যাবিলনিয়ায়
  5. Footnote অথবা, এরক ও অক্কদ—এসবই
  6. Footnote অথবা, নীনবী ও তার সাথে সেই নগরের চকগুলি
  7. Footnote অথবা, শীর্ষস্থানীয় সীদোনীয়দের
  8. Footnote অথবা, সেই শেম, যিনি যেফতের দাদা ছিলেন
  9. Footnote 1 বংশাবলি 1:17 পদ দেখুন; হিব্রু ভাষায় শব্দটি হল মশ
  10. Footnote অথবা, কৈননের বাবা, এবং কৈনন শেলহের বাবা
  11. Footnote পেলগ শব্দের অর্থ বিভাজন

Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.