Skip to content
BibleKenya

Biblica® Open Bengali Contemporary Version 2019

দ্বিতীয় বিবরণ 30

সদাপ্রভুর কাছে ফিরে এসে সমৃদ্ধিলাভ

আমি তোমাদের সামনে যে আশীর্বাদ ও অভিশাপগুলি তুলে ধরলাম তার সমস্ত কথা যখন তোমাদের উপরে ফলবে আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু যেসব জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন তাদের মধ্যে বসবাস করবার সময় এসব কথায় তোমরা মন দেবে, সেই সময় তোমরা ও তোমাদের সন্তানেরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে এবং সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণ দিয়ে তাঁর বাধ্য হবে আর আমি আজ তোমাদের যেসব আদেশ দিচ্ছি তা পালন করবে, তাহলে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের ধন ফিরিয়ে দেবেন। তিনি তোমাদের প্রতি করুণা করবেন এবং যেসব জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন তাদের মধ্য থেকে তিনি আবার তোমাদের সংগ্রহ করবেন। পৃথিবীর শেষ সীমানায়ও যদি তোমাদের দূর করে দেওয়া হয় সেখান থেকেও তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সংগ্রহ করবেন। তোমাদের পূর্বপুরুষদের দেশেই তিনি তোমাদের ফিরিয়ে আনবেন আর তোমরা তা আবার অধিকার করবে। তিনি তোমাদের আরও সমৃদ্ধিশালী করবেন ও তোমাদের পূর্বপুরুষদের থেকেও তোমাদের লোকসংখ্যা বৃদ্ধি করবেন। তোমরা যাতে তোমাদের সমস্ত মন ও তোমাদের সমস্ত প্রাণ দিয়ে তাঁকে ভালোবেসে বেঁচে থাকো সেইজন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের ও তোমাদের বংশধরদের হৃদয়ের সুন্নত করবেন। এসব অভিশাপ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের শত্রুদের উপর আনবেন যারা তোমাদের ঘৃণা ও অত্যাচার করবে। তখন তোমরা আবার সদাপ্রভুর বাধ্য হয়ে চলবে আর তাঁর যেসব আদেশ আজ আমি তোমাদের দিচ্ছি তা মেনে চলবে। তখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হাতের সব কাজে, গর্ভের ফলে, পশুধনের ফলে এবং ক্ষেতের ফসলে আশীর্বাদ করবেন। তোমাদের পূর্বপুরুষদের প্রতি তাঁর যে আনন্দ ছিল, তোমাদের উপরে আবার তাঁর সেই আনন্দ হবে এবং তিনি তোমাদের সমৃদ্ধিশালী করবেন, যদি তোমরা এই বিধানপুস্তকে লেখা তাঁর সব আজ্ঞা ও অনুশাসন পালন করে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হও, আর তোমাদের সমস্ত মন ও তোমাদের সমস্ত প্রাণ দিয়ে তাঁর প্রতি ফের।

জীবন অথবা মৃত্যু, কোনটি?

আজ আমি তোমাদের যে আদেশ দিচ্ছি তা পালন করা তোমাদের পক্ষে তেমন শক্ত নয় কিংবা তোমাদের নাগালের বাইরেও নয়। তা স্বর্গে নয়, যে তোমাদের জিজ্ঞাসা করতে হবে, “কে স্বর্গে গিয়ে তা এনে আমাদের শোনাবে যাতে আমরা তা পালন করতে পারি?” এটি সমুদ্রের ওপাড়েও নয়, যে তোমাদের জিজ্ঞাসা করতে হবে, “কে সমুদ্র পার হয়ে গিয়ে তা এনে আমাদের শোনাবে যাতে আমরা তা পালন করতে পারি?” না, সেই বাক্য তোমাদের খুব কাছেই আছে; তা তোমাদের মুখে ও তোমাদের হৃদয়ে রয়েছে, যেন তোমরা তা পালন করতে পারো।

দেখো, আজ আমি তোমাদের সামনে জীবন ও সমৃদ্ধি, মৃত্যু ও বিনাশ রাখলাম। এজন্য আজ আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো, তাঁর পথে বাধ্য হয়ে চলো, এবং তাঁর আজ্ঞা, অনুশাসন ও বিধান পালন করো; তাহলে তোমরা বাঁচবে ও সংখ্যায় বৃদ্ধি পাবে, এবং যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ যেখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন।

কিন্তু তোমাদের হৃদয় যদি তাঁর কাছ থেকে সরে যায় এবং তোমরা তাঁর বাধ্য না হও, আর যদি তোমরা অন্য দেবতাদের কাছে গিয়ে তাদের প্রণাম করো এবং সেবা করো, তবে আজ আমি তোমাদের বলে দিচ্ছি যে, তোমরা নিশ্চয়ই ধ্বংস হবে। জর্ডন নদী পার হয়ে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেখানে তোমরা বেশি দিন বেঁচে থাকতে পারবে না।

তোমাদের বিরুদ্ধে মহাকাশ ও পৃথিবীকে সাক্ষী রেখে আমি আজ বলছি যে, আমি তোমাদের সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রাখছি। এখন জীবন বেছে নাও, যেন তোমরা ও তোমাদের সন্তানেরা বেঁচে থাকো এবং যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো, তাঁর রব শোনো, আর তাঁতে আসক্ত হও। কেননা সদাপ্রভুই তোমাদের জীবন, এবং তিনি তোমাদের পূর্বপুরুষদের, অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে যে দেশ দেবেন বলে শপথ করেছিলেন সেখানে তোমরা বহু বছর বসবাস করতে পারো।

Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.