Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 98
একটি গীত।
সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,
কারণ তিনি অবিশ্বাস্য কাজ করেছেন;
তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু
তাঁর পক্ষে পরিত্রাণ সাধন করেছেন।
সদাপ্রভু তাঁর পরিত্রাণ ঘোষণা করেছেন
এবং তাঁর ধার্মিকতা জাতিদের কাছে প্রকাশ করেছেন।
ইস্রায়েলের প্রতি তাঁর প্রেম
ও বিশ্বস্ততা তিনি স্মরণে রেখেছেন;
আমাদের ঈশ্বরের পরিত্রাণ
পৃথিবীর সমস্ত প্রান্ত প্রত্যক্ষ করেছে।
সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো,
প্রশংসায় মেতে ওঠো ও আনন্দগান করো;
বীণা সহযোগে সদাপ্রভুর উদ্দেশে গান গাও,
বীণা সহযোগে ও গানের শব্দে,
তূরীধ্বনির শব্দে এবং শিঙার সুদীর্ঘ শব্দে—
রাজা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।
সমুদ্র ও তার মধ্যে যা কিছু আছে গর্জন করুক,
পৃথিবী ও তাঁর মধ্যে যারা সবাই বসবাস করে।
নদীরা হাততালি দিক,
পর্বতগুলি একসঙ্গে আনন্দগান করুক;
সদাপ্রভুর সামনে তারা গান করুক;
কারণ তিনি জগতের বিচার করতে আসছেন।
তিনি ধার্মিকতায় এই পৃথিবী
এবং ন্যায়ে জাতিগণের বিচার করবেন।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.