Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 62

যিদূথূন, সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষায় রয়েছে;

আমার পরিত্রাণ তাঁর কাছ থেকেই আসে।

সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;

তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।

আর কত কাল শত্রুরা আমাকে লাঞ্ছনা করবে?

তোমরা সকলে কি আমাকে নিচে ছুঁড়ে ফেলে দেবে?

তাদের কাছে আমি এক ভাঙা প্রাচীর ও নড়বড়ে বেড়ার মতো!

তারা নিশ্চয় আমাকে

আমার উঁচু স্থান থেকে বিচ্যুত করতে চায়;

তারা মিথ্যা কথায় আমোদ করে।

তারা মুখ দিয়ে আশীর্বাদ করে,

কিন্তু অন্তরে অভিশাপ দেয়।

হে আমার প্রাণ, ঈশ্বরে বিশ্রাম খুঁজে নাও;

কারণ তাঁতেই আমি আশা রেখেছি।

সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;

তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।

আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে;

তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।

হে আমার ভক্তেরা, তাঁর উপর নিয়ত আস্থা রাখো;

তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও,

কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।

সাধারণ মানুষ নিঃশ্বাসমাত্র,

সম্ভ্রান্ত মানুষ মিথ্যাতুল্য।

যদি দাঁড়িপাল্লায় মাপা যায়, তারা কিছুই নয়;

একত্রে তারা সামান্য নিঃশ্বাস।

তোমরা শোষণে নির্ভর কোরো না,

অথবা লুন্ঠিত দ্রব্যে ব্যর্থ আশা রেখো না;

তোমার ধনসম্পদ বৃদ্ধি পেলেও,

তোমার হৃদয় যেন তাতে আসক্ত না হয়।

ঈশ্বর একবার বলেছেন,

আমি দু-বার এই কথা শুনেছি:

“হে ঈশ্বর, পরাক্রম তোমারই,

আর, হে সদাপ্রভু, অবিচল প্রেম তোমারই”

এবং, “তুমি প্রত্যেক মানুষকে

তাদের কাজ অনুসারে পুরস্কার দাও।”

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.