Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 137
যখন সিয়োনের কথা আমাদের মনে পড়ত
ব্যাবিলনের নদীতীরে বসে আমরা কাঁদতাম।
আমরা সেখানে চিনার গাছে
বীণাগুলি ঝুলিয়ে রাখতাম,
কারণ সেখানে আমাদের বন্দিকারীরা গান শুনতে চাইত,
আমাদের অত্যাচারীরা আনন্দগানের দাবি করত;
তারা বলত “সিয়োনের গান, একটি গান আমাদের শোনাও!”
কিন্তু কীভাবে আমরা সদাপ্রভুর গান গাইব
যখন আমরা বিদেশে বসবাস করছি?
হে জেরুশালেম, আমি যদি তোমাকে ভুলে যাই,
তবে যেন আমার ডান হাত তার দক্ষতা হারিয়ে ফেলে।
যদি আমি তোমাকে ভুলে যাই,
আর যদি আমি জেরুশালেমকে
আমার সর্বাধিক আনন্দ বলে গণ্য না করি,
তবে যেন আমার জিভ মুখের তালুতে আটকে যায়।
হে সদাপ্রভু, মনে রেখো, যেদিন জেরুশালেমকে বন্দি করা হয়েছিল
সেদিন ইদোমীয়রা যা করেছিল।
তারা জোর গলায় বলেছিল, “উপড়ে ফেলো,
সমূলে উপড়ে ফেলো!”
হে ব্যাবিলনের কন্যা, তুমি ধ্বংস হবে,
ধন্য সেই যে তোমাকে সেরকম প্রতিফল দেবে
যে রকম তুমি আমাদের প্রতি করেছিলে।
ধন্য সেই যে তোমাদের শিশুদের ধরে
আর পাথরের উপরে আছড়ায়।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.