Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 119

א আলেফ

ধন্য তারা, যারা আচরণে নির্দোষ,

যারা সদাপ্রভুর নিয়ম অনুযায়ী পথ চলে।

ধন্য তারা, যারা তাঁর বিধিবিধান পালন করে

এবং সমস্ত হৃদয় দিয়ে তাঁর অনুসন্ধান করে—

তারা অন্যায় করে না

কিন্তু তাঁর নির্দেশিত পথে চলে।

তুমি তোমার অনুশাসন দিয়েছ,

যেন আমরা সযত্নে তা পালন করি।

আমার আচরণ যেন সুসংগত হয়

যেন তোমার নির্দেশমালা পালন করতে পারি।

যখন আমি তোমার সব আদেশ বিবেচনা করব

তখন আমাকে লজ্জিত হতে হবে না।

যখন আমি তোমার ন্যায়সংগত শাসনবিধি শিক্ষা লাভ করব

আমি সরল চিত্তে তোমার প্রশংসা করব।

আমি তোমার আদেশ পালন করব;

আমাকে তুমি পরিত্যাগ কোরো না।

ב বৈৎ

যুবক কেমন করে জীবনে চলার পথ বিশুদ্ধ রাখবে?

তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করেই রাখবে।

আমার সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার অন্বেষণ করি;

আমাকে তোমার আদেশ লঙ্ঘন করে ভ্রান্তপথে যেতে দিয়ো না।

আমি তোমার বাক্য আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি

যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি।

হে সদাপ্রভু, তোমার ধন্যবাদ হোক;

তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।

তোমার মুখের সমস্ত শাসন

আমি ঠোঁট দিয়ে উচ্চারণ করব।

তোমার বিধিবিধান পালন করতে আমি আনন্দ করি

যেমন কেউ অতুল ধনসম্পদে আনন্দ করে।

আমি তোমার অনুশাসনে ধ্যান করি;

এবং তোমার পথের বিবেচনা করি।

আমি তোমার নির্দেশাবলিতে আমোদ করি;

আমি তোমার বাক্য অবহেলা করব না।

ג গিমল

তোমার দাসের মঙ্গল করো যেন আমি জীবিত থাকি,

তাহলে আমি তোমার বাক্য পালন করব।

আমার চোখ খুলে দাও

যেন আমি তোমার নিয়মকানুনের আশ্চর্য বিষয়াদি দেখতে পাই।

এই পৃথিবীতে আমি এক প্রবাসী;

তোমার অনুশাসন আমার কাছে গোপন রেখো না।

সবসময় তোমার বিধানের জন্য,

আমার প্রাণ আকাঙ্ক্ষায় আকুল হয়।

যারা উদ্ধত, তারা অভিশপ্ত, তাদের তুমি তিরস্কার করো,

তারা তোমার অনুশাসন লঙ্ঘন করে বিপথে যায়।

অবজ্ঞা ও ঘৃণা আমার কাছ থেকে দূর করো,

কারণ আমি তোমার বিধিবিধান পালন করি।

যদিও শাসকেরা একত্রে বসে আমার নিন্দা করে,

তোমার দাস তোমার বিধিনির্দেশে ধ্যান করে।

তোমার বিধিবিধান আমার আমোদের বিষয়;

সেগুলি আমাকে সুমন্ত্রণা দেয়।

ד দালৎ

আমার প্রাণ ধুলোয় লুটিয়ে আছে;

তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।

আমি তোমাকে আমার পরিকল্পনা বলেছি আর তুমি আমাকে উত্তর দিয়েছ;

তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।

তোমার অনুশাসন আমাকে বুঝতে সাহায্য করো,

যেন আমি তোমার আশ্চর্য কাজে ধ্যান করতে পারি।

আমার প্রাণ দুঃখে অবসন্ন;

তোমার বাক্য অনুযায়ী আমাকে শক্তি দাও।

প্রতারণার পথ থেকে আমাকে দূরে রাখো;

আমার প্রতি দয়া করো এবং আমাকে তোমার নিয়মকানুন শেখাও।

আমি বিশ্বস্ততার পথ বেছে নিয়েছি;

আমার হৃদয় তোমার আইনকানুনে স্থির রেখেছি।

হে সদাপ্রভু, আমি তোমার বিধিবিধান আঁকড়ে ধরেছি;

আমাকে লজ্জিত হতে দিয়ো না।

আমি তোমার আদেশের পথে ছুটে চলি,

কারণ তুমি আমার বোধশক্তিকে প্রশস্ত করেছ।

ה হে

হে সদাপ্রভু, তোমার বিধি নির্দেশিত পথে চলতে আমাকে শিক্ষা দাও,

যেন আমি শেষদিন পর্যন্ত সেগুলি পালন করতে পারি।

আমাকে বোধশক্তি দাও, যেন আমি তোমার আইনকানুন পালন করতে পারি

এবং সমস্ত হৃদয় দিয়ে বাধ্য হতে পারি।

তোমার আদেশের পথে আমাকে পরিচালিত করো,

কারণ সেখানে আমি আনন্দ খুঁজে পাই।

আমার হৃদয়কে তোমার বিধিবিধানের দিকে ফেরাও

বরং স্বার্থপর লাভের দিকে নয়।

মূল্যহীন বস্তু থেকে আমার দৃষ্টি ফেরাও,

তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।

তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো,

যেন তোমাকে সকলে সম্ভ্রম করে।

আমার লাঞ্ছনা দূর করো যা আমি ভয় করি,

কারণ তোমার আইনকানুন উত্তম।

তোমার অনুশাসন পালনে আমি কত আগ্রহী!

তোমার ধার্মিকতায় আমার জীবন বাঁচিয়ে রাখো।

ו বৌ

হে সদাপ্রভু, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার অবিচল প্রেম,

আর তোমার পরিত্রাণ আমার উপর আসুক,

তখন তাদের আমি সদুত্তর দিতে পারব যারা আমাকে ব্যঙ্গ করে,

কারণ আমি তোমার বাক্যে আস্থা রাখি।

তোমার সত্যের বাক্য আমার মুখ থেকে কখনও নিয়ে নিয়ো না,

কারণ তোমার অনুশাসনে আমি আশা রেখেছি।

আমি চিরকাল তোমার বিধান পালন করব,

যুগে যুগে চিরকাল করব।

জীবনে আমি স্বাধীনভাবে চলব,

কারণ আমি তোমার অনুশাসন অন্বেষণ করেছি।

রাজাদের সামনে আমি তোমার সাক্ষ্যকলাপের কথা বলব

এবং আমি লজ্জিত হব না।

আমি তোমার আদেশে আমোদ করি

কারণ আমি সে সকল ভালোবাসি।

আমি তোমার নির্দেশাবলি সম্মান করি ও ভালোবাসি,

আমি তোমার বিধিনিয়মে ধ্যান করি।

ז সয়িন

তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি স্মরণ করো,

কারণ তুমি আমাকে আশা দিয়েছ।

কষ্টে আমার সান্ত্বনা এই যে,

তোমার প্রতিশ্রুতিই আমার জীবন বাঁচিয়ে রাখে।

দাম্ভিকেরা নির্মমভাবে আমাকে বিদ্রুপ করে,

কিন্তু আমি তোমার বিধিবিধান থেকে মুখ ফিরাই না।

হে সদাপ্রভু, আমি তোমার প্রাচীন শাসনব্যবস্থা স্মরণ করি,

এবং তাতেই আমি সান্ত্বনা পাই।

আমি দুষ্টদের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হই,

কারণ তারা তোমার বিধিবিধান পরিত্যাগ করেছে।

আমি যেখানেই বসবাস করি না কেন,

তোমার নির্দেশাবলিই আমার গানের বিষয়বস্তু।

হে সদাপ্রভু, রাতের বেলায় আমি তোমার নাম স্মরণ করি,

যেন আমি তোমার বিধিবিধান পালন করতে পারি।

এই আমার অভ্যাস যে,

আমি তোমার অনুশাসন পালন করি।

ח হেৎ

হে সদাপ্রভু, তুমি আমার অধিকার,

আমি তোমার আজ্ঞা পালন করার প্রতিশ্রুতি দিয়েছি।

আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার মুখের অন্বেষণ করেছি;

তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে কৃপা করো।

আমি আমার চলার পথ বিবেচনা করে দেখেছি,

এবং তোমারই বিধিবিধানের পথে আমার পা রেখেছি।

আমি দ্রুত তোমার আদেশ পালন করব,

দেরি করব না।

যদিও দুষ্টরা আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে,

আমি তোমার শাসনব্যবস্থা ভুলে যাব না।

তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য

আমি মাঝরাতে তোমাকে ধন্যবাদ দিতে জেগে উঠি।

আমি তাদের সকলের বন্ধু যারা তোমাকে সম্ভ্রম করে,

আর যারা তোমার অনুশাসন পালন করে।

হে সদাপ্রভু, এই পৃথিবী তোমার প্রেমে পূর্ণ,

তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।

ט টেট

হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারে

তোমার দাসের প্রতি মঙ্গল করো।

আমাকে জ্ঞান ও বিচারবুদ্ধি দাও,

কারণ আমি তোমার আদেশে আস্থা রাখি।

পীড়িত হবার আগে আমি বিপথে গিয়েছিলাম,

কিন্তু এখন আমি তোমার আদেশ পালন করি।

তুমি মঙ্গলময় এবং তুমি যা করো তাও মঙ্গলময়,

তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।

যদিও দাম্ভিকরা মিথ্যায় আমাকে কলঙ্কিত করেছে,

আমি তোমার বিধিসকল সমস্ত হৃদয় দিয়ে পালন করি।

তাদের হৃদয় কঠোর ও অনুভূতিহীন,

কিন্তু আমি তোমার আইনগুলিতে আমোদ করি।

পীড়িত হওয়া আমার জন্য মঙ্গলজনক হয়েছে

যেন আমি তোমার আদেশগুলি শিখতে পারি।

তোমার মুখের বিধিবিধান

হাজার হাজার রুপো ও সোনার চেয়ে আমার কাছে বেশি মূল্যবান।

י ইয়ূদ

তোমার হাত আমাকে সৃষ্টি করেছে ও গঠন করেছে;

তোমার আদেশ বুঝতে আমাকে বোধশক্তি দাও।

যারা তোমাকে সম্ভ্রম করে তারা যেন আমাকে দেখলে আনন্দিত হয়,

কারণ তোমার বাক্যে আমি আশা রেখেছি।

হে সদাপ্রভু, আমি জানি যে তোমার বিধিনিয়ম ন্যায়সংগত,

আর তুমি বিশ্বস্ততায় আমাকে পীড়িত করেছ।

তোমার অবিচল প্রেম যেন আমার সান্ত্বনা হয়,

যেমন তুমি তোমার দাসের কাছে প্রতিশ্রুতি দিয়েছ।

তোমার অসীম করুণা আমাকে ঘিরে রাখুক যেন আমি বাঁচতে পারি,

কারণ তোমার নিয়মবিধান আমার আনন্দের বিষয়।

দাম্ভিকরা লজ্জিত হোক কেননা তারা অকারণে আমার সর্বনাশ করেছে;

কিন্তু আমি তোমার অনুশাসনে ধ্যান করব।

যারা তোমাকে সম্ভ্রম করে এবং যারা তোমার বিধিবিধান বোঝে,

তাদের সঙ্গে আমি মিলিত হই।

আমার সমস্ত হৃদয় দিয়ে যেন তোমার আদেশ পালন করতে পারি,

যেন আমাকে লজ্জিত না হতে হয়।

כ কাফ

তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আমার প্রাণ দুর্বল হয়,

কিন্তু আমি তোমার বাক্যে আশা রেখেছি।

তোমার প্রতিশ্রুতি পূরণের আশায় আমার দৃষ্টি ক্ষীণ হয়,

আমি বলি, “কখন তুমি আমায় সান্ত্বনা দেবে?”

যদিও আমি ধোঁয়ার মধ্যে রাখা সংকুচিত সুরাধারের মতো,

কিন্তু আমি তোমার নির্দেশাবলি ভুলে যাইনি।

কত কাল তোমার দাস প্রতীক্ষায় থাকবে?

কবে তুমি আমার নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেবে?

দাম্ভিকেরা গর্ত খুঁড়ে আমাকে ফাঁদে ফেলতে চায়,

তারা তোমার নিয়মের বিরুদ্ধাচরণ করে।

তোমার সব আদেশ নির্ভরযোগ্য;

আমাকে সাহায্য করো, কারণ লোকে অকারণে আমাকে নির্যাতন করে।

তারা আমাকে প্রায় পৃথিবী থেকে মুছে দিয়েছে,

কিন্তু আমি তোমার অনুশাসন ত্যাগ করিনি।

তোমার অবিচল প্রেমে আমার জীবন বাঁচিয়ে রাখো,

যেন আমি তোমার মুখের বিধিবিধান পালন করতে পারি।

ל লামেদ

হে সদাপ্রভু, তোমার বাক্য চিরন্তন;

আকাশমণ্ডলে তা প্রতিষ্ঠিত।

তোমার বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী;

তুমি এই পৃথিবী স্থাপন করেছ এবং তা স্থির রয়েছে।

তোমার আইনব্যবস্থা আজও অটল রয়েছে,

কারণ সবকিছুই তোমার সেবা করে।

যদি তোমার বিধিবিধান আমার আনন্দের বিষয় না হত,

আমি হয়তো নিজের দুঃখে বিনষ্ট হতাম।

আমি কখনও তোমার অনুশাসন ভুলে যাব না,

কারণ তা দিয়েই তুমি আমার জীবন বাঁচিয়ে রেখেছ।

আমাকে রক্ষা করো, কারণ আমি তোমারই;

আমি তোমার বিধিগুলির অন্বেষণ করেছি।

দুষ্ট আমাকে ধ্বংস করার অপেক্ষায় আছে,

কিন্তু আমি তোমার অনুশাসনে মনঃসংযোগ করব।

প্রত্যেক সিদ্ধতার এক সীমা আছে,

কিন্তু তোমার আজ্ঞাগুলি সীমাহীন।

מ মেম

আহা, আমি তোমার বিধিবিধান কতই না ভালোবাসি!

তা আমার সারাদিনের ধ্যানের বিষয়।

তোমার নির্দেশাবলি আমাকে আমার শত্রুদের থেকে বুদ্ধিমান করে

কারণ সেসব সবসময় আমার সঙ্গে আছে।

আমি তোমার আইনগুলিতে ধ্যান করি,

তাই আমার শিক্ষকদের চেয়ে আমার অন্তর্দৃষ্টি বেশি।

প্রবীণদের চেয়ে আমার বোধশক্তি বেশি,

কারণ আমি তোমার বিধিগুলি পালন করি।

প্রত্যেকটি কুপথ থেকে আমার পা আমি দূরে রেখেছি

যেন আমি তোমার বাক্য পালন করতে পারি।

আমি তোমার নিয়মব্যবস্থা থেকে বিপথে যাইনি,

কারণ তুমি স্বয়ং আমাকে শিক্ষা দিয়েছ।

তোমার বাক্য আমার মুখে আস্বাদন করা কত মিষ্টি,

আমার মুখে তা মধুর চেয়েও বেশি মধুর!

আমি তোমার বিধিগুলি থেকে বোধশক্তি লাভ করি,

তাই আমি সব অন্যায় পথ ঘৃণা করি।

נ নূন

তোমার বাক্য আমার চরণের প্রদীপ,

এবং আমার চলার পথের আলো।

আমি শপথ করেছি ও স্থির করেছি,

যে আমি তোমার ন্যায়সংগত শাসনবিধি পালন করব।

হে সদাপ্রভু, আমি অনেক কষ্ট পেয়েছি;

তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।

হে সদাপ্রভু, আমার মুখের প্রশংসার অর্ঘ্য গ্রহণ করো,

এবং আমাকে তোমার বিধিনিয়ম শিক্ষা দাও।

যদিও আমি আমার প্রাণ প্রতিনিয়ত আমার হাতে নিয়ে চলি,

আমি তোমার বিধিবিধান ভুলে যাব না।

দুষ্টরা আমার জন্য ফাঁদ পেতেছে,

কিন্তু আমি তোমার অনুশাসন থেকে বিপথে যাইনি।

তোমার আইনগুলি আমার চিরকালের উত্তরাধিকার,

সেগুলি আমার হৃদয়ের আনন্দ।

তোমার বিধিনির্দেশ শেষ পর্যন্ত পালন করার উদ্দেশে

আমার হৃদয় দৃঢ়সংকল্প।

ס সামেখ

দ্বিমনা চরিত্রের লোকেদের আমি ঘৃণা করি,

কিন্তু আমি তোমার নিয়মব্যবস্থা ভালোবাসি।

তুমি আমার আশ্রয় ও আমার ঢাল;

তোমার বাক্য আমার আশার উৎস।

হে অনিষ্টকারীদের দল, আমার কাছ থেকে দূর হও,

যেন আমি আমার ঈশ্বরের আদেশ পালন করতে পারি।

হে ঈশ্বর, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে সামলে রাখো এবং তাতে আমি বাঁচব;

আমার প্রত্যাশা বিফল হতে দিয়ো না।

আমাকে তুলে ধরো, তাহলে আমি রক্ষা পাব;

আমি চিরকাল তোমার আদেশগুলির উপর ভরসা করব।

যারা তোমার আদেশ অগ্রাহ্য করে বিপথে যায় তাদের সবাইকে তুমি ত্যাগ করো,

কারণ তারা কেবল নিজেদেরই ঠকায়।

পৃথিবীর সব দুষ্টকে তুমি আবর্জনার মতো পরিত্যাগ করো;

তাই তোমার বিধিবিধান আমার কাছে এত প্রিয়।

তোমার প্রতি সম্ভ্রমে আমার শরীর কাঁপে,

তোমার বিধিনিয়মে আমি ভীত।

ע আয়িন

যা কিছু সঠিক ও ন্যায়সংগত সে সব আমি পালন করেছি,

আমাকে আমার অত্যাচারীদের হাতে সমর্পণ কোরো না।

তোমার দাসের মঙ্গলের ভার তুমি নাও;

দাম্ভিকেরা যেন আমার উপর নির্যাতন না করে।

তোমার পরিত্রাণের অপেক্ষায়, তোমার ন্যায়সংগত প্রতিশ্রুতির প্রতীক্ষায়,

আমার চোখ দুর্বল হয়েছে।

তোমার প্রেম অনুযায়ী তোমার দাসের প্রতি ব্যবহার করো,

আর তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।

আমি তোমার দাস; আমাকে বিচক্ষণতা দাও

যেন আমি তোমার বিধিবিধান বুঝতে পারি।

হে সদাপ্রভু, এবার তোমার সক্রিয় হওয়ার সময় এসেছে;

কারণ তোমার আইনব্যবস্থা লঙ্ঘন করা হচ্ছে।

সোনার চেয়ে, বিশুদ্ধ সোনার চেয়েও

আমি তোমার আজ্ঞাগুলি বেশি ভালোবাসি।

তোমার সব অনুশাসনবিধি আমি ন্যায্য মনে করি

তাই আমি সমস্ত অন্যায় পথ ঘৃণা করি।

פ পে

তোমার বিধিবিধান কত আশ্চর্য;

তাই আমি সেগুলি মান্য করি।

তোমার বাক্যের শিক্ষা আলো দেয়;

যারা সরলচিত্ত তাদের বোধশক্তি দেয়।

আমি প্রত্যাশায় শ্বাস ফেলি,

তোমার আদেশের অপেক্ষায়।

যারা তোমার নাম ভালোবাসে তাদের প্রতি তুমি সর্বদা যেমন করো,

তেমনই আমার প্রতি ফিরে চাও ও আমাকে দয়া করো।

তোমার বাক্য অনুযায়ী আমার পদক্ষেপ পরিচালিত করো;

পাপ যেন আমার উপর কর্তৃত্ব না করে।

লোকেদের নির্যাতন থেকে আমাকে মুক্ত করো,

যেন আমি তোমার অনুশাসন মেনে চলতে পারি।

তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো,

এবং তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।

আমার চোখ থেকে অশ্রুপ্রবাহ হচ্ছে,

কারণ লোকেরা তোমার আইনব্যবস্থা পালন করছে না।

צ সাদে

হে সদাপ্রভু, তুমি ন্যায়পরায়ণ,

আর তোমার আইনব্যবস্থা ন্যায্য।

যেসব বিধিবিধান তুমি দিয়েছ তা ধর্মময়,

এবং সেগুলি সম্পূর্ণ নির্ভরযোগ্য।

আমার উদ্যম আমাকে ক্লান্ত করেছে,

কারণ আমার বিপক্ষরা তোমার বাক্য অবহেলা করে।

তোমার প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে পরীক্ষাসিদ্ধ হয়েছে,

আর তোমার দাস সেগুলি ভালোবাসে।

যদিও আমি ক্ষুদ্র ও অবজ্ঞাত,

আমি তোমার অনুশাসন ভুলে যাইনি।

তোমার ন্যায়পরায়ণতা চিরস্থায়ী

আর তোমার আইনব্যবস্থা সত্য।

সংকট ও দুর্দশা আমার উপরে উপস্থিত,

কিন্তু তোমার আজ্ঞাগুলি আমাকে আনন্দ দেয়।

তোমার বিধিবিধান চিরকালীন সত্য;

আমাকে বোধশক্তি দাও যেন বাঁচতে পারি।

ק কফ

হে সদাপ্রভু, আমি সমস্ত অন্তর দিয়ে তোমাকে ডাকি, আমাকে উত্তর দাও,

এবং আমি তোমার আজ্ঞাগুলি পালন করব।

আমি তোমাকে ডেকেছি, আমাকে রক্ষা করো

আর আমি তোমার বিধিবিধান পালন করব।

আমি ভোর হওয়ার আগে উঠি আর সাহায্যের জন্য প্রার্থনা করি;

তোমার বাক্যে আমি আশা রেখেছি।

সারারাত আমি চোখ খুলে জেগে থাকি,

যেন তোমার প্রতিশ্রুতিতে আমি ধ্যান করতে পারি।

তোমার প্রেম অনুযায়ী আমার কণ্ঠস্বর শোনো;

হে সদাপ্রভু, তোমার আইনব্যবস্থা অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।

যারা মন্দ সংকল্প করে তারা আমাকে আক্রমণ করার জন্য কাছে এসেছে,

কিন্তু তারা তোমার আইনব্যবস্থা থেকে অনেক দূরে আছে।

তবুও হে সদাপ্রভু, তুমি কাছেই আছ,

আর তোমার আজ্ঞাগুলি সত্য।

অনেক বছর আগে আমি তোমার বিধিবিধান থেকে শিখেছি

যে তুমি এগুলি চিরকালের জন্য স্থাপন করেছ।

ר রেশ

আমার দুঃখকষ্টের দিকে চেয়ে দেখো ও আমাকে উদ্ধার করো,

কারণ আমি তোমার শাসনব্যবস্থা ভুলে যাইনি।

আমার পক্ষসমর্থন করে আমাকে মুক্ত করো,

তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমার প্রাণরক্ষা করো।

দুষ্টরা তোমার পরিত্রাণ থেকে অনেক দূরে,

কারণ তারা তোমার বিধিবিধান অন্বেষণ করে না।

হে সদাপ্রভু, তোমার করুণা মহান,

তোমার আইনব্যবস্থা অনুযায়ী আমাকে বাঁচিয়ে রাখো।

অনেক আমার বিপক্ষ যারা আমাকে নির্যাতন করে,

কিন্তু আমি তোমার বিধিবিধান থেকে বিপথে যাইনি।

যারা বিশ্বাসঘাতক আমি তাদের ঘৃণার চোখে দেখি,

কারণ তারা তোমার আদেশ পালন করে না।

দেখো, আমি তোমার অনুশাসন কত ভালোবাসি,

তোমার অবিচল প্রেমের গুণে, হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো।

তোমার সব বাক্য সত্য;

তোমার সব ন্যায়সংগত শাসনবিধি চিরস্থায়ী।

ש শিন

শাসকবর্গ অকারণে আমাকে নির্যাতন করে,

কিন্তু আমার হৃদয় তোমার বাক্যে কম্পিত হয়।

আমি তোমার প্রতিশ্রুতিতে আনন্দ করি

যেমন লোকেরা লুট করা সম্পদে করে।

অসত্যকে আমি ঘৃণা ও অবজ্ঞা করি,

কিন্তু আমি তোমার আইনব্যবস্থাকে ভালোবাসি।

তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য

আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি।

যারা তোমার এই আইনব্যবস্থা ভালোবাসে তাদের অন্তরে পরম শান্তি থাকে,

আর কোনও কিছুতে তারা হোঁচট খায় না।

হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি,

আর আমি তোমার আদেশগুলি পালন করি।

আমি তোমার বিধিবিধান মান্য করি,

কারণ আমি সেসব অত্যন্ত ভালোবাসি।

আমি তোমার অনুশাসন ও তোমার বিধিবিধান পালন করি,

কারণ আমার চলার সকল পথ তোমার জানা।

ת তৌ

হে সদাপ্রভু, আমার কাতর প্রার্থনা শোনো;

তোমার বাক্য অনুযায়ী আমাকে বোধশক্তি দাও।

আমার নিবেদন শোনো;

তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে উদ্ধার করো।

আমার ঠোঁট দুটি যেন প্রশংসায় উপচে পড়ে;

কারণ তুমি আমাকে তোমার নির্দেশাবলি শিক্ষা দাও।

আমার জিভ যেন তোমার বাক্যের গান গাইতে থাকে,

কারণ তোমার সমস্ত আদেশ ন্যায়সংগত।

তোমার হাত আমাকে সাহায্য করার জন্য যেন প্রস্তুত থাকে,

কারণ আমি তোমার বিধিগুলি বেছে নিয়েছি।

হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি,

আর তোমার আইনব্যবস্থা আমাকে আনন্দ দেয়।

আমাকে বাঁচতে দাও যেন আমি তোমার প্রশংসা করতে পারি,

এবং তোমার আইনব্যবস্থা যেন আমাকে বাঁচিয়ে রাখে।

আমি হারিয়ে যাওয়া মেষের মতো বিপথে গিয়েছি।

তোমার দাসের অন্বেষণ করো,

কারণ আমি তোমার আদেশগুলি ভুলে যাইনি।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.