Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

যিহোশূয় 13

যেসব দেশ এখনও দখল করা হয়নি

যিহোশূয় বৃদ্ধ হয়ে যাওয়ার পর সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি খুব বৃদ্ধ হয়ে গিয়েছ, আর দেশের বিস্তর এলাকা এখনও দখল করা হয়ে ওঠেনি।

“এসব দেশ এখনও অবশিষ্ট আছে:

“ফিলিস্তিনী ও গশূরীয়দের সমস্ত অঞ্চল, মিশরের পূর্বদিকে প্রবাহিত সীহোর নদী থেকে উত্তর দিকে ইক্রোণের এলাকা পর্যন্ত বিস্তৃত এলাকা, যার সম্পূর্ণটাই কনানীয়দের অধিকাররূপে গণ্য, যদিও গাজা, অস্‌দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণে রাজত্বকারী পাঁচজন ফিলিস্তিনী রাজা তা দখল করে রেখেছে;

দক্ষিণ দিকে অব্বীয়দের এলাকা;

সীদোনীয়দের আরা থেকে অফেক পর্যন্ত ও ইমোরীয়দের সীমানা পর্যন্ত বিস্তৃত কনানীয়দের দেশ;

গিব্‌লীয়দের অঞ্চল;

এবং পূর্বদিকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত বায়াল-গাদ থেকে লেবো-হমাৎ পর্যন্ত বিস্তৃত সমগ্র লেবানন।

“লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত বিস্তৃত পার্বত্য অঞ্চলের সমস্ত অধিবাসীকে, অর্থাৎ, সীদোনীয়দের সবাইকে আমি স্বয়ং ইস্রায়েলীদের সামনে থেকে তাড়িয়ে দেব। তোমাকে আমি যেমন নির্দেশ দিয়েছিলাম, সেই অনুসারে এক উত্তরাধিকাররূপে এই দেশটি তুমি অবশ্যই ইস্রায়েলীদের জন্য বরাদ্দ কোরো, এবং এটি এক উত্তরাধিকাররূপে নয় বংশের ও মনঃশির অর্ধেক বংশের মধ্যে ভাগ করে দিয়ো।”

জর্ডনের পূর্বপারের দেশ বিভাগ

মনঃশির অন্য অর্ধেক বংশ1, রূবেণীয়রা ও গাদীয়রা তাদের সেই উত্তরাধিকার লাভ করল যা মোশি জর্ডনের পূর্বপারে তাদের দিয়েছিলেন, যেভাবে তিনি, সদাপ্রভুর দাস, তাদের জন্য সেটি বরাদ্দ করে দিয়েছিলেন।

এটি অর্ণোন গিরিখাতের প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে, এবং সেই গিরিখাতের মাঝখানে অবস্থিত নগর থেকে সম্প্রসারিত হল এবং দীবোন পর্যন্ত বিস্তৃত মেদ্‌বার সমগ্র মালভূমি, ও অম্মোনীয়দের সীমানা পর্যন্ত ছড়িয়ে থাকা ইমোরীয়দের রাজা সেই সীহোনের সমস্ত নগরও এতে যুক্ত হল, যিনি হিষ্‌বোনে রাজত্ব করতেন।

এছাড়াও এতে গিলিয়দ অঞ্চল, গশূর ও মাখার অধিবাসীদের এলাকা, সমগ্র হর্মোণ পর্বত ও সল্‌খা পর্যন্ত বিস্তৃত সমগ্র বাশন যুক্ত হল— অর্থাৎ, বাশনে সেই ওগের সমগ্র রাজ্য, যিনি অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন। (তিনিই রফায়ীয়দের সর্বশেষ জন) মোশি তাদের পরাজিত করলেন ও তাদের দেশ অধিকার করে নিলেন। কিন্তু ইস্রায়েলীরা গশূর ও মাখার লোকদের সম্পূর্ণরূপে তাড়িয়ে দেয়নি, তাই আজও পর্যন্ত তারা ইস্রায়েলীদের মধ্যে বসবাস করে যাচ্ছে।

কিন্তু লেবি বংশকে তিনি কোনও উত্তরাধিকার দেননি, যেহেতু ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত ভক্ষ্য নৈবেদ্যই হল তাদের উত্তরাধিকার, যেভাবে সদাপ্রভু তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।

রূবেণ বংশকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:

অর্ণোন গিরিখাতের প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে, এবং গিরিখাতের মাঝখানে অবস্থিত নগর থেকে, এবং মেদ্‌বা ছাড়িয়ে সমগ্র মালভূমি থেকে হিষ্‌বোন এবং মালভূমিতে ছড়িয়ে থাকা নগরগুলির সাথে দীবোন, বামোৎ-বায়াল, বেথ-বায়াল-মিয়োন, যহস, কদেমোৎ, মেফাৎ, কিরিয়াথয়িম, সিব্‌মা, উপত্যকার পাহাড়ে অবস্থিত সেরৎ-নগর, বেথ-পিয়োর, পিস্‌গার ঢাল, ও বেথ-যিশীমোৎ মালভূমিতে অবস্থিত সমস্ত নগর এবং হিষ্‌বোনে রাজত্বকারী ইমোরীয়দের রাজা সীহোনের সমগ্র অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকা তাদের দিলেন। মোশি সীহোনকে এবং মিদিয়নীয় সর্দারদের, ইবি, রেকম, সূর, হূর ও রেবাকে—সীহোনের সঙ্গে জোট বাঁধা এই অধিপতিদের—পরাজিত করলেন, যাঁরা সেই দেশে বসবাস করতেন। যুদ্ধে যারা নিহত হল, তাদের সাথে বিয়োরের ছেলে সেই বিলিয়মকেও ইস্রায়েলীরা তরোয়াল চালিয়ে মেরে ফেলল, যে ভবিষ্যৎ-কথনের অনুশীলন করত।

রূবেণীয়দের সীমানা ছিল জর্ডন নদীর পাড়। তাদের গোষ্ঠী অনুসারে এইসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি রূবেণ বংশের অধিকার হল।

গাদ বংশকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:

যাসেরের এলাকা, গিলিয়দের সবকটি নগর এবং রব্বার নিকটবর্তী, অরোয়ের পর্যন্ত বিস্তৃত অম্মোনীয়দের অর্ধেক দেশ; এবং হিষ্‌বোন থেকে রামৎ-মিস্‌পী ও বটোনীম পর্যন্ত এবং মহনয়িম থেকে দবীরের এলাকা পর্যন্ত বিস্তৃত অঞ্চল; এবং উপত্যকায়, বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোৎ ও সাফোন, ও সেই সঙ্গে হিষ্‌বোনের রাজা সীহোনের অবশিষ্ট সমস্ত অঞ্চল। (জর্ডনের পূর্বদিকে, গালীল সাগরের2 শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চল)

এসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি তাদের গোষ্ঠী অনুসারে গাদ বংশের অধিকার হল।

মনঃশির অর্ধেক বংশকে, অর্থাৎ, মনঃশির বংশধরদের অর্ধেক ভাগকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:

মহনয়িম ছাড়িয়ে এবং সমগ্র বাশন যুক্ত এলাকা, বাশনের রাজা ওগের সমগ্র এলাকা—বাশনে অবস্থিত যায়ীরের সমস্ত জনবসতি, ষাটটি নগর, গিলিয়দের অর্ধেক ভাগ এবং অষ্টারোৎ ও ইদ্রিয়ী। (বাশনে অবস্থিত ওগের রাজকীয় নগরগুলি)

মনঃশির ছেলে মাখীরের বংশধরদের জন্য—তাদের গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানদের অর্ধেক সংখ্যার জন্য এটি অধিকার হল।

মোশি যখন যিরীহোর পূর্বদিকে, জর্ডন নদীর পারে মোয়াবের সমভূমিতে ছিলেন, তখন তিনি এই উত্তরাধিকারটি দিয়েছিলেন। কিন্তু লেবির বংশকে মোশি কোনও উত্তরাধিকার দেননি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুই তাদের অধিকার, যেভাবে তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।

Source notes (2)
  1. Footnote হিব্রু ভাষায়, সেটির সঙ্গে (অর্থাৎ, মনঃশির অন্য অর্ধেক বংশের সঙ্গে)
  2. Footnote হিব্রু ভাষায়, কিন্নেরত

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.