Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

ইয়োব 29

ইয়োবের চূড়ান্ত আত্মপক্ষ সমর্থন

ইয়োব তাঁর বক্তৃতা চালিয়ে গেলেন:

“পার হয়ে যাওয়া মাসগুলির জন্য আমি কতই না আকাঙ্ক্ষিত,

সেই দিনগুলির জন্যও আকাঙ্ক্ষিত, যখন ঈশ্বর আমার উপরে লক্ষ্য রাখতেন,

যখন তাঁর প্রদীপ আমার মাথার উপরে আলো দিত

ও তাঁর আলোতে আমি অন্ধকারেও চলাফেরা করতাম!

আহা সেই দিনগুলি, যখন আমি উন্নতির শিখরে ছিলাম,

ঈশ্বরের অন্তরঙ্গ বন্ধুত্ব আমার বাড়িকে আশীর্বাদ করেছিল,

যখন সেই সর্বশক্তিমান আমার সাথেই ছিলেন

ও আমার সন্তানেরা আমার চারপাশে ছিল,

আমার পথ যখন ননি প্লাবিত হত

ও পাষাণ-পাথর আমার জন্য জলপাই তেলের ধারা ঢেলে দিত।

“আমি যখন নগরদ্বারে পৌঁছাতাম

ও সার্বজনীন চকে আসন গ্রহণ করতাম,

যুবকেরা আমাকে দেখে সরে যেত

ও প্রাচীনেরা উঠে দাঁড়াতেন;

শীর্ষস্থানীয় লোকেরা কথা বলা বন্ধ করে দিতেন

ও হাত দিয়ে নিজেদের মুখ ঢেকে নিতেন;

অভিজাতদের কণ্ঠস্বর ধামাচাপা পড়ে যেত,

ও তাদের জিভ তালুতে সংলগ্ন হত।

আমার কথা শুনে সবাই সাধুবাদ জানাত,

ও আমাকে দেখে সবাই আমার প্রশংসা করত,

যেহেতু আমি সাহায্যের আশায় আর্তনাদ করা দরিদ্রকে,

ও অসহায় পিতৃহীনকে উদ্ধার করতাম।

মৃত্যুপথযাত্রী মানুষ আমাকে আশীর্বাদ করত;

বিধবার অন্তরে আমি গানের সঞ্চার করতাম।

আমি আমার ধার্মিকতা পোশাকরূপে গায়ে দিতাম;

ন্যায়বিচার ছিল আমার আলখাল্লা ও আমার পাগড়ি।

অন্ধের কাছে আমি ছিলাম চোখ

ও খঞ্জের কাছে পা।

অভাবগ্রস্তের কাছে আমি ছিলাম একজন বাবা;

অপরিচিত লোকের মামলা আমি হাতে তুলে নিতাম।

দুষ্টদের বিষদাঁত আমি ভেঙে দিতাম

ও তাদের দাঁত থেকে শিকারদের ছিনিয়ে আনতাম।

“আমি ভাবলাম, ‘নিজের বাড়িতেই আমি মারা যাব,

আমার দিনগুলি হবে বালুকণার মতো অসংখ্য।

আমার মূল জলের কাছে গিয়ে পৌঁছাবে,

ও আমার শাখাপ্রশাখায় গোটা রাত শিশির পড়বে।

আমার গরিমা ম্লান হবে না;

ধনুক আমার হাতে চিরনতুন হয়ে থাকবে।’

“মানুষজন প্রত্যাশা নিয়ে আমার কথা শুনত,

আমার পরামর্শ লাভের জন্য নীরবে অপেক্ষা করত।

আমি কথা বলার পর, তারা আর কিছুই বলত না;

আমার কথাবার্তা মৃদুভাবে তাদের কানে গিয়ে পড়ত।

তারা যেমন বৃষ্টির, তেমনি আমার অপেক্ষায় থাকত

ও শেষ বর্ষার মতো আমার কথাবার্তা পান করত।

আমি যখন তাদের দিকে তাকিয়ে হাসতাম, তারা পুরোপুরি বিশ্বাস করত না;

আমার মুখের আলো তাদের চমৎকার লাগত।

আমি তাদের জন্য পথ মনোনীত করতাম ও তাদের নেতা হয়ে বসতাম;

সৈন্যদলের মধ্যে যেমন রাজা, তেমনি থাকতাম;

বিলাপকারীদের যে সান্ত্বনা দেয়, তারই মতো থাকতাম।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.