Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
ইয়োব 26
ইয়োব
পরে ইয়োব উত্তর দিলেন:
“তুমি কীভাবে অক্ষম মানুষকে সাহায্য করেছ!
তুমি কীভাবে দুর্বল হাতকে রক্ষা করেছ!
প্রজ্ঞাবিহীন মানুষকে তুমি কী পরামর্শ দিয়েছ!
আর তুমি কী মহা পরিজ্ঞান দেখিয়েছ!
এসব কথা বলতে কে তোমাকে সাহায্য করেছে?
আর তোমার মুখ থেকে কার অন্তরাত্মা কথা বলেছে?
“মৃতেরা গভীর মনস্তাপ ভোগ করে,
যারা জলের তলদেশে থাকে ও যারা জলের মধ্যে থাকে, তারাও করে।
পাতাল ঈশ্বরের সামনে উলঙ্গ;
বিনাশস্থান1 অনাবৃত হয়ে আছে।
শূন্য স্থানের উপরে তিনি উত্তর অন্তরিক্ষকে প্রসারিত করেছেন;
শূন্যের উপরে তিনি পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।
তাঁর মেঘে তিনি জলরাশি মুড়ে রাখেন,
তবুও মেঘরাশি তাদের ভারে বিস্ফোরিত হয় না।
তিনি পূর্ণিমার চাঁদের মুখ2 ঢেকে রাখেন,
তাঁর মেঘরাশি তার উপর প্রসারিত করেন।
আলো ও অন্ধকারের মধ্যে এক সীমানারূপে
জলরাশির উপরে তিনি দিগন্তের চিহ্ন এঁকে দিয়েছেন।
আকাশমণ্ডলের স্তম্ভগুলি কেঁপে ওঠে,
তাঁর ভর্ৎসনায় বিস্ময়বিমূঢ় হয়ে যায়।
তাঁর পরাক্রম দ্বারা তিনি সমুদ্র মন্থন করেন;
তাঁর প্রজ্ঞা দ্বারা তিনি রাহবকে3 কেটে টুকরো টুকরো করে দেন।
তাঁর নিশ্বাস দ্বারা আকাশ পরিষ্কার হয়;
তাঁরই হাত পিচ্ছিল সাপকে বিদ্ধ করেছে।
আর এসবই তাঁর কর্মের বাইরের দিকের ঝালর মাত্র;
তাঁর বিষয়ে আমরা যা শুনি তা যদি এত ক্ষীণ ফিস্ফিসানি!
তবে তাঁর পরাক্রমের বজ্রধ্বনি কে-ই বা বুঝতে পারে?”
Source notes (3)
- Footnote হিব্রু ভাষায়, আবাদ্দোন
- Footnote অথবা, তাঁর সিংহাসন
- Footnote রাহব হল সেই পৌরাণিক সমুদ্রদানব, যা প্রাচীন সাহিত্যের বর্ণনানুসারে বিশৃঙ্খলার প্রতিনিধিত্বকারী
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.