Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
ইয়োব 12
ইয়োব
পরে ইয়োব উত্তর দিলেন:
“নিঃসন্দেহে একমাত্র তোমরাই জনসাধারণ,
ও প্রজ্ঞা তোমাদের সাথেই লুপ্ত হয়ে যাবে!
কিন্তু আমারও তোমাদের মতো এক মন আছে;
আমি তোমাদের চেয়ে নিকৃষ্ট নই।
এসব কথা কে না জানে?
“আমি আমার বন্ধুদের কাছে উপহাসের পাত্রে পরিণত হয়েছি,
যদিও আমি ঈশ্বরকে ডাকতাম ও তিনি আমায় উত্তর দিতেন—
ধার্মিক ও অনিন্দনীয় হওয়া সত্ত্বেও নিছক উপহাসের এক পাত্রে পরিণত হয়েছি!
যারা অরামে আছে, তারা দুর্ভাগ্য-পীড়িত লোকদের এত অবজ্ঞা করে
যেন পা পিছলে পড়ে যাওয়াই তাদের পরিণতি।
লুঠেরাদের তাঁবু নিরুপদ্রুত থাকে,
ও যারা ঈশ্বরকে জ্বালাতন করে তারা নিরাপদে থাকে—
তারা ঈশ্বরের হাতেই থাকে।1
“কিন্তু পশুদের জিজ্ঞাসা করো, ও তারা তোমাকে শিক্ষা দেবে,
বা আকাশের পাখিদের জিজ্ঞাসা করো, ও তারাও তোমায় বলে দেবে;
বা পৃথিবীকে বলো, ও তা তোমাকে শিক্ষা দেবে,
বা সমুদ্রের মাছই তোমাকে খবর দিক।
এদের মধ্যে কে জানে না
যে সদাপ্রভুর হাতই এসব গড়ে তুলেছে?
তাঁর হাতেই প্রত্যেকটি প্রাণীর জীবন
ও সমগ্র মানবজাতির শ্বাস গচ্ছিত আছে।
কান কি শব্দ পরখ করে না
যেভাবে জিভ খাদ্যের স্বাদ চাখে?
প্রবীণেরা কি প্রজ্ঞার অধিকারী নন?
সুদীর্ঘ জীবন কি বুদ্ধি নিয়ে আসে না?
“প্রজ্ঞা ও পরাক্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;
পরামর্শ ও বুদ্ধি তাঁরই।
তিনি যা ভাঙেন তা পুনর্নির্মাণ করা যায় না;
তিনি যাদের বন্দি করেন তাদের কেউ মুক্ত করতে পারে না।
তিনি যদি জলধারা আটকে রাখেন, তবে খরা2 হয়;
তিনি যদি তা বাঁধনছাড়া হতে দেন, তবে তা দেশ প্লাবিত করে।
পরাক্রম ও অন্তর্দৃষ্টি তাঁর অধিকারভুক্ত বিষয়;
প্রতারিত ও প্রতারক উভয়ই তাঁর।
তিনি শাসকদের আভরণহীন করে চালান
ও বিচারকদের মূর্খে পরিণত করেন।
তিনি রাজাদের পরিধেয় বেড়ি অপসৃত করেন
ও তাদের কোমরের চারপাশে কৌপিন3 বেঁধে দেন।
তিনি যাজকদের আভরণহীন করে চালান
ও দীর্ঘকাল যাবৎ ক্ষমতায় থাকা কর্মকর্তাদের উৎখাত করেন।
তিনি বিশ্বস্ত উপদেশকদের ঠোঁট শব্দহীন করে দেন।
ও প্রাচীনদের বুদ্ধিবৃত্তি হরণ করেন।
তিনি অভিজাতদের হেনস্থা করেন
ও বলশালীদের নিরস্ত্র করেন।
তিনি অন্ধকারের জটিল বিষয়গুলি প্রকাশিত করেন
ও নিরেট অন্ধকারকে আলোয় নিয়ে আসেন।
তিনি জাতিদের মহান করেন, ও তাদের ধ্বংসও করেন;
তিনি জাতিদের সম্প্রসারিত করেন, ও তাদের বিক্ষিপ্তও করেন।
তিনি পার্থিব নেতাদের বুদ্ধি-বঞ্চিত করেন;
তিনি তাদের পথহীন এক প্রান্তরে ঘুরে বেড়াতে বাধ্য করেন।
আলো ছাড়াই তারা অন্ধকারে পথ হাতড়ে বেড়ায়;
তিনি মাতালদের মতো তাদের টলতে বাধ্য করেন।
Source notes (3)
- Footnote অথবা, তাদের ঈশ্বর (দেবতা) তাদের হাতের মুঠোয় থাকে
- Footnote দেশে খরা
- Footnote অথবা, তাদের বেড়ি খুলে তাদের কোমরবন্ধ (বেল্ট) বেঁধে দেন
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.