Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
হোশেয় 14
আশীর্বাদ লাভের জন্য মন পরিবর্তন
হে ইস্রায়েল, তোমরা ফিরে এসো তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে।
তোমাদের পাপ সমূহই তোমাদের পতনের কারণ!
তোমাদের বক্তব্য সঙ্গে নাও
ও সদাপ্রভুর কাছে ফিরে এসো।
তাঁকে বলো:
“আমাদের সব পাপ ক্ষমা করো,
আর অনুগ্রহ করে আমাদের ফিরিয়ে নাও,
যাতে আমরা আমাদের ঠোঁটের ফল উৎসর্গ করতে পারি।
আসিরিয়া আমাদের রক্ষা করতে পারে না,
আমরা যুদ্ধের ঘোড়ায় চড়ব না।
আমাদের হাতে তৈরি প্রতিমাগুলিকে
আমরা আর কখনও ‘আমাদের দেবতা’ বলব না,
কারণ তোমার মধ্যেই পিতৃহীনেরা অনুকম্পা লাভ করে।”
“আমি তাদের বিপথগমনের রোগ প্রতিকার করব,
এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের ভালোবাসব,
কেননা আমার ক্রোধ তাদের উপর থেকে সরে গেছে।
আমি ইস্রায়েলের কাছে হব শিশিরের মতো:
সে প্রস্ফুটিত হবে লিলিফুলের মতো।
লেবাননের সিডার গাছের মতো,
যার শিকড় গভীরে প্রোথিত হবে;
তা থেকে কোমল পল্লব নির্গত হবে।
তার জৌলুস হবে জলপাই গাছের মতো,
তার সুগন্ধ হবে লেবাননের সিডার গাছের মতো।
মানুষেরা আবার তার ছায়ায় বসবাস করবে;
সে শস্যদানার মতো বিকশিত হবে,
সে দ্রাক্ষালতার মতো মুকুলিত হবে,
এবং তার খ্যাতি হবে লেবানন থেকে আনা দ্রাক্ষারসের মতো।
হে ইফ্রয়িম, প্রতিমাগুলি নিয়ে আমি আর কি করব?
আমি তাকে উত্তর দেব ও তার তত্ত্বাবধান করব।
আমি এখন এক সবুজ-সতেজ দেবদারু গাছের মতো;
তোমার ফলবান হওয়ার কারণ আমি।”
কে জ্ঞানবান? তাদের এসব বিষয় উপলব্ধি করতে দাও।
বিচক্ষণ কে? তাদের এগুলি বুঝতে দাও।
সদাপ্রভুর পথসকল ন্যায়সংগত;
ধার্মিক ব্যক্তি সেইসব পথেই হাঁটে,
কিন্তু বিদ্রোহীরা সেইসব পথে হোঁচট খায়।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.