Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
আদি পুস্তক 10
জাতিসমূহের তালিকা
এই হল নোহের ছেলে শেম, হাম ও যেফতের বিবরণ, যারা স্বয়ং বন্যার পর সন্তান লাভ করলেন।
যেফতীয়রা
যেফতের ছেলেরা1:
গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।
গোমরের ছেলেরা:
অস্কিনস, রীফৎ, এবং তোগর্ম।
যবনের ছেলেরা:
ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং রোদানীম।2 (এদের থেকেই সমুদ্র-উপকূল নিবাসী লোকেরা, প্রত্যেকে তাদের নিজস্ব ভাষা সমেত নিজেদের বংশানুসারে, তাদের এলাকায় ছড়িয়ে পড়েছিল।)
হামাতীয়রা
হামের ছেলেরা:
কূশ, মিশর, পূট ও কনান।
কূশের ছেলেরা:
সবা, হবীলা, সব্তা, রয়মা ও সব্তেকা।
রয়মার ছেলেরা:
শিবা ও দদান।
কূশ সেই নিম্রোদের বাবা3, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন। সদাপ্রভুর সামনে তিনি বলশালী এক শিকারি হলেন; তাই বলা হয়ে থাকে, “সদাপ্রভুর সামনে নিম্রোদের মতো বলশালী এক শিকারি।” শিনারে4 অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্নী5 তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল। সেই দেশ থেকে তিনি সেই আসিরিয়া দেশে গেলেন, যেখানে তিনি নীনবী, রহোবোৎ ঈর6, কেলহ ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর।
মিশর ছিলেন
সেই লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, কস্লূহীয় (যাদের থেকে ফিলিস্তিনীরা উৎপন্ন হয়েছে) ও কপ্তোরীয়দের বাবা।
কনান ছিলেন
তাঁর বড়ো ছেলে সীদোনের7, ও হিত্তীয়, যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়দের বাবা।
(পরবর্তীকালে কনানীয় বংশ ইতস্তত ছড়িয়ে পড়ল এবং কনানের সীমানা সীদোন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত, ও পরে লাশার দিকে সদোম, ঘমোরা, অদ্মা, ও সবোয়ীম পর্যন্ত বিস্তৃত হল)
তাদের এলাকা ও জাতি ধরে এরাই হল বংশ ও ভাষা অনুসারে হামের সন্তান।
শেমাতীয়রা
সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ8; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।
শেমের ছেলেরা:
এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ ও অরাম।
অরামের ছেলেরা:
ঊষ, হূল, গেথর, ও মেশক9।
অর্ফক্ষদ হলেন শেলহের বাবা10,
এবং শেলহ এবরের বাবা।
এবরের দুটি ছেলের জন্ম হল:
একজনের নাম দেওয়া হল পেলগ11, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।
যক্তন হলেন
অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, হদোরাম, ঊষল, দিক্ল, ওবল, অবীমায়েল, শিবা, ওফীর, হবীলা ও যোববের বাবা। তারা সবাই যক্তনের বংশধর ছিলেন।
(পূর্বদিকের পার্বত্য দেশের যে এলাকায় তারা বসবাস করতেন, সেটি মেষা থেকে সফার পর্যন্ত বিস্তৃত ছিল)
তাদের এলাকা ও জাতি ধরে বংশ ও ভাষা অনুসারে এরাই শেমের সন্তান।
তাদের জাতিগুলির মধ্যে, বংশানুক্রমিকভাবে এরাই নোহের ছেলেদের বংশধর। বন্যার পর এদের থেকেই বিভিন্ন জাতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল।
Source notes (11)
- Footnote ছেলেরা শব্দটির অর্থ হতে পারে বংশধরেরা, বা উত্তরসূরিরা, বা জাতিরা; কথাটি 3 , 4 , 6 , 7 , 20-23 , 29 ও 31 পদের ক্ষেত্রেও প্রযোজ্য।
- Footnote কয়েকটি প্রাচীন পাণ্ডুলিপি অনুসারে শব্দটি হল দোদানীম
- Footnote বাবা শব্দটির অর্থ হতে পারে পূর্বপুরুষ বা পূর্বসূরি বা প্রতিষ্ঠাতা; verses 13 , 15 , 24 ও 26 পদের ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য।
- Footnote অর্থাৎ, ব্যাবিলনিয়ায়
- Footnote অথবা, এরক ও অক্কদ—এসবই
- Footnote অথবা, নীনবী ও তার সাথে সেই নগরের চকগুলি
- Footnote অথবা, শীর্ষস্থানীয় সীদোনীয়দের
- Footnote অথবা, সেই শেম, যিনি যেফতের দাদা ছিলেন
- Footnote 1 বংশাবলি 1:17 পদ দেখুন; হিব্রু ভাষায় শব্দটি হল মশ
- Footnote অথবা, কৈননের বাবা, এবং কৈনন শেলহের বাবা
- Footnote পেলগ শব্দের অর্থ বিভাজন
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.