Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

যাত্রা পুস্তক 39

যাজকীয় পোশাক-পরিচ্ছদ

পবিত্রস্থানে পরিচর্যা করার জন্য তারা নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো দিয়ে হাতে বোনা পোশাক তৈরি করলেন। এছাড়াও, সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশানুসারে তাঁরা হারোণের জন্য পবিত্র পোশাক তৈরি করে দিলেন।

এফোদ

তাঁরা1 সোনা, ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো, এবং মিহি পাকান মসিনা দিয়ে এফোদ তৈরি করলেন। তাঁরা সোনা পিটিয়ে পিটিয়ে সরু পাত তৈরি করলেন এবং তা থেকে সুতো কেটে নীল, বেগুনি ও লাল রংয়ের সুতোয় ও মিহি মসিনায় গেঁথে দিলেন—যা দক্ষ হস্তকলা হল। তাঁরা এফোদের জন্য কাঁধ-পটি তৈরি করলেন, ও এমনভাবে সেগুলি এফোদের দুটি কোণে জুড়ে দিলেন যেন তা বাঁধা থাকে। দক্ষতার সাথে বোনা কোমরবন্ধটিও এটির মতো করে তৈরি হল—এফোদের সাথেই জুড়ে থাকা একই ভাগ হবে এবং সোনা, ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো, এবং মিহি পাকান মসিনা দিয়ে, সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, সেরকমই হল।

সোনার তারের সূক্ষ্ম কারুকার্যে স্ফটিকমণি বসিয়ে তাঁরা তাতে ইস্রায়েলের ছেলেদের নামগুলি সিলমোহরের মতো খোদাই করে দিলেন। সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে পরে তাঁরা ইস্রায়েলের ছেলেদের জন্য স্মারক-মণিরূপে সেগুলি এফোদের কাঁধ-পটিগুলিতে বেঁধে দিলেন।

বুকপাটা

তাঁরা বুকপাটাটি তৈরি করলেন—যা দক্ষ এক কারিগরের কাজ হল। এফোদের মতো করেই তাঁরা সেটি তৈরি করলেন: সোনা, ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো, এবং মিহি পাকান মসিনা দিয়ে সেটি তৈরি করা হল। সেটি বর্গাকার—23 সেন্টিমিটার2 করে লম্বা ও চওড়া হল—এবং তা দুই ভাঁজ করে রাখা হল। পরে তাঁরা সেটির উপর চার সারি মূল্যবান মণিরত্ন বসিয়ে দিলেন। প্রথম সারিতে ছিল চুণী, গোমেদ ও পান্না; দ্বিতীয় সারিতে ছিল ফিরোজা, নীলা ও হীরা; তৃতীয় সারিতে ছিল নীলকান্তমণি, অকীক ও নীলা; চতুর্থ সারিতে ছিল পোখরাজ, স্ফটিকমণি ও সূর্যকান্তমণি3। সেগুলি সোনার তারের সূক্ষ্ম কারুকার্য করা নকশার উপরে বসানো হল। ইস্রায়েলের ছেলেদের প্রত্যেকের নামে একটি করে, মোট বারোটি মণিরত্ন নেওয়া হল, এবং প্রত্যেকটি মণি বারোটি গোষ্ঠীর মধ্যে এক এক গোষ্ঠীর নামে সিলমোহরের মতো খোদাই করে দেওয়া হল।

বুকপাটাটির জন্য তাঁরা খাঁটি সোনা দিয়ে দড়ির মতো দেখতে পাতা-কাটা শিকল তৈরি করলেন। তাঁরা সোনার তারের সূক্ষ্ম কারুকার্য করা দুটি নকশা ও সোনার দুটি আংটা তৈরি করলেন, এবং সেই আংটা দুটি বুকপাটার দুই কোণে বেঁধে দিলেন। তাঁরা সোনার সেই দুটি শিকল বুকপাটার কোণগুলিতে রাখা আংটাগুলিতে বেঁধে দিলেন, এবং শিকলের অন্য প্রান্তগুলি নকশা দুটিতে বেঁধে দিয়ে, সেগুলি সামনের দিকে এফোদের কাঁধ-পটিতে জুড়ে দিলেন। তাঁরা সোনার দুটি আংটা তৈরি করলেন ও এফোদের পাশের বুকপাটার ভিতরদিকে অন্য দুই কোণে সেগুলি জুড়ে দিলেন। পরে তাঁরা সোনার আরও দুটি আংটা তৈরি করলেন এবং এফোদের কোমরবন্ধের ঠিক উপরে, যেখানে জোড়ের মুখের সেলাই পড়েছিল, তার কাছেই এফোদের সামনের দিকে কাঁধ-পটির তলায় সেগুলি জুড়ে দিলেন। নীল সুতো দিয়ে তাঁরা এফোদের আংটাগুলির সাথে বুকপাটার আংটাগুলি বেঁধে, সেটি কোমরবন্ধের সাথে জুড়ে দিলেন, যেন বুকপাটাটি নড়ে গিয়ে এফোদ থেকে খুলে না যায়—যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

অন্যান্য যাজকীয় পোশাক-পরিচ্ছদ

তাঁরা পুরোপুরি নীল কাপড় দিয়েই তাঁতির কাজের মতো করে এফোদের আলখাল্লাটি তৈরি করলেন, এবং সেই আলখাল্লার মাঝখানে মাথা ঢোকানোর মতো একটি ফাঁক, ও সেই ফাঁকের চারপাশে একটি বেড়ী রেখে দিলেন, যেন তা ছিঁড়ে না যায়। সেই আলখাল্লার আঁচল ধরে ধরে তাঁরা নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি পাকান মসিনা দিয়ে ডালিম তৈরি করে দিলেন। আর তাঁরা খাঁটি সোনা দিয়ে ঘণ্টা তৈরি করলেন এবং ডালিমগুলির মাঝে মাঝে আঁচলের চারপাশে সেগুলি জুড়ে দিলেন। সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন সেই আদেশানুসারে, পরিচর্যা করার সময় যে আলখাল্লাটি পরতে হত, সেটির আঁচলের চারপাশে পর্যায়ক্রমিকভাবে ঘণ্টা ও ডালিমগুলি লাগানো হল।

হারোণ ও তাঁর ছেলেদের জন্য, তাঁরা মিহি মসিনা দিয়ে তাঁতির কাজের মতো করে নিমা4 এবং মিহি মসিনা দিয়ে পাগড়ি, মসিনার টুপি ও মিহি পাকান মসিনা দিয়ে অন্তর্বাসগুলি তৈরি করলেন। সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন সেই আদেশানুসারে, একজন সূচিশিল্পীর হস্তকলার মতো করে মিহি পাকান মসিনা এবং নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো দিয়ে উত্তরীয়টি তৈরি করা হল।

তাঁরা খাঁটি সোনা দিয়ে ফলক, সেই পবিত্র প্রতীকটি তৈরি করে, তাতে সিলমোহরে খোদাই করা লিপির মতো খোদাই করে লিখে দিলেন:

সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।

সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন সেই আদেশানুসারে, পরে তাঁরা পাগড়ির সাথে সেটি জুড়ে রাখার জন্য তাতে একটি নীল সুতো বেঁধে দিলেন।

মোশি সমাগম তাঁবু পরিদর্শন করলেন

অতএব আবাসের, সমাগম তাঁবুর সব কাজ সম্পূর্ণ হল। ইস্রায়েলীরা সবকিছু সেভাবেই করল, যেমনটি করার আদেশ সদাপ্রভু মোশিকে দিয়েছিলেন। পরে তারা সেই সমাগম তাঁবুটি মোশির কাছে নিয়ে এল:

সেই তাঁবু ও সেটির সব আসবাবপত্র, সেটির আঁকড়া, কাঠামো, আগল, খুঁটি ও ভিতগুলি;

লাল রং করা মেষচর্মের আচ্ছাদন এবং অন্য একটি টেকসই চামড়ার5 আচ্ছাদন ও আচ্ছাদক-পর্দা;

খুঁটি ও প্রায়শ্চিত্ত-আচ্ছাদন সমেত বিধিনিয়মের সিন্দুক;

সব উপকরণ সমেত টেবিল এবং দর্শন-রুটি;

প্রদীপের সারি ও আনুষঙ্গিক উপকরণ সমেত খাঁটি সোনার দীপাধার, এবং আলোর জন্য জলপাই তেল;

সোনার বেদি, অভিষেক-তেল, সুগন্ধি ধূপ, এবং তাঁবুর প্রবেশদ্বারের জন্য পর্দা;

ব্রোঞ্জের জাফরি সমেত ব্রোঞ্জের বেদি, সেটির খুঁটি ও সব পাত্র;

গামলা ও সেটির মাচা;

খুঁটি ও ভিত সমেত প্রাঙ্গণের পর্দাগুলি, এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারের পর্দা;

প্রাঙ্গণের জন্য তাঁবু-খুটা ও দড়াদড়ি;

আবাসের, সেই সমাগম তাঁবুর জন্য সব আসবাবপত্র;

এবং হাতে বোনা যে পোশাক পরে পবিত্রস্থানে পরিচর্যা করতে হত, সেগুলি ও যাজক হারোণের জন্য পবিত্র পোশাক এবং যাজকরূপে সেবা করার সময় তাঁর ছেলেদের যে পোশাকগুলি পরতে হত, সেই পোশাকগুলিও।

সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, ঠিক সেভাবেই ইস্রায়েলীরা সব কাজ করল। মোশি সেই কাজ পরিদর্শন করলেন এবং দেখলেন যে সদাপ্রভু যেমন আদেশ দিয়েছিলেন, ঠিক সেভাবেই তারা তা করেছে। তাই মোশি তাদের আর্শীবাদ করলেন।

Source notes (5)
  1. Footnote অথবা, তিনি; 7, 8 ও 22 পদেও এভাবেই পড়তে হবে
  2. Footnote অর্থাৎ, এক বিঘত
  3. Footnote এইসব মূল্যবান মণিরত্ন অবিকলভাবে শনাক্ত করা যথেষ্ট কষ্টসাধ্য
  4. Footnote 28:4 পদের টীকা দেখুন
  5. Footnote খুব সম্ভবত বৃহদাকার জলচর স্তন্যপায়ী প্রাণীর চামড়া

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.