Skip to content
BibleKenya

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

যাত্রাপুস্তক 39

যাজকদের জন্য পোশাকের নির্মাণ

যাত্রাপুস্তক 28:1-4

তারা শেষ পর্যন্ত নীল, বেগুনে ও লাল সুতো দিয়ে পবিত্র জায়গায় পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম শিল্পের কাজে পোশাক তৈরী করলেন। আর যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন, তারা হারোণের জন্য পবিত্র পোশাক তৈরী করলেন।

এফোদ

বত্সলেল সোনা দিয়ে এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে এফোদ তৈরী করলেন। সাধারণত তাঁরা সোনা পিটিয়ে পাত তৈরী করে শিল্প কাজের মধ্য দিয়ে নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সূতোর মধ্যে বুনবার জন্য তা কেটে তার তৈরী করলেন। আর তাঁরা এফোদের জন্য দুটি পট্টি তৈরী করলেন এবং ঘাড়ের উপরে দুই কোনায় এটি জুড়ে দিলেন; আর তা বন্ধ করবার জন্য শিল্প কার্যে বোনা কোমরবন্ধনী তার উপরে ছিল, এটি এফোদের সঙ্গে একত্রে তৈরী করা হয়েছে এবং সেই পোশাকের সমান ছিল, সেটি সোনা, নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে তৈরী করা হয়েছিল; ঠিক যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। পরে তাঁরা খোদাই করা মুদ্রার মত ইস্রায়েলের বারোজন ছেলের নামে নকশা করা সোনা দিয়ে বাঁধিয়ে দুটি গোমেদক মণি আঁটকিয়ে ভিতরে রাখলেন। আর এফোদের দুটি ঘাড়ের ফিতের উপরে ইস্রায়েলের বারোজন ছেলেদের স্মরণ করার জন্য মণিহিসাবে সেগুলি লাগালেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

বুকপাটা

তিনি এফোদের কায়দায় সোনা দিয়ে এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে দক্ষ্ শিল্পকারের মাধ্যমে একটি বুকপাটা তৈরী করলেন। এটি চার কোণা ছিল; তাঁরা সেই বুকপাটাটি দুই ভাঁজ করে গুটিয়ে রাখলেন। এটি এক বিঘত লম্বা এবং এক বিঘত প্রস্থ করে ভাঁজ করেছিলেন। তা চার সারি মণি লাগিয়ে তৈরী করলেন। তার প্রথম সারিতে চুণী, পীতমণি ও মরকত ছিল, দ্বিতীয় সারিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরক ছিল। তৃতীয় সারিতে পেরোজ, যিস্ম এবং কটাহেলা ছিল। চতুর্থ সারিতে বৈদূর্য্য, গোমেদক ও সূর্য্যকান্ত মণি ছিল; এই মণিগুলি সোনা দিয়ে বাঁধানো হলো। এই সকল মণি ইস্রায়েলের বারোজন ছেলের নাম অনুযায়ী হলো, প্রতিটি তাদের নামানুসারেই হল; মুদ্রার মত খোদাই করা প্রত্যেক মণিতে বারোটি বংশের জন্য এক একটি ছেলের নাম হল। পরে তাঁরা বুকপাটার উপর খাঁটি সোনা দিয়ে মালার মত পাকান দুটি শিকল তৈরী করলেন। তারা সোনার দুটি বিনুনি করা শিকল ও সোনার দুটি বালা তৈরী করলেন এবং বুকপাটার দুই ধারে সেই দুটি বালা লাগিয়ে দিলেন। তারা বুকপাটার দুটি কোনে দুটি বালার মধ্যে বিনুনি করা সোনার দুটি শিকল লাগালেন। পাকান শিকলের অন্য দুই মাথা দুই বিনুনির মত দুই শিকলের সঙ্গে বেঁধে এফোদের সামনের দিকে দুটি কাঁধের ফিতের উপরে লাগালেন। আর সোনার দুটি বালা তৈরী করে বুকপাটার দুই মাথায় ভিতরের অংশে এফোদের সামনের দিকে শেষ অংশে লাগালেন। পরে তারা সোনার দুটি বালা তৈরী করে এফোদের দুটি ঘাড়ের ফিতের নীচে তার সামনের অংশে তার জোড়ের জায়গায় এফোদের বিনুনি করা কোমরবন্ধনীর উপরে রাখলেন। তারা বুকপাটা যেন এফোদের কোমরবন্ধনীর উপরে থাকে এবং এফোদ থেকে যেন খুলে না যায় সেই জন্য তাঁরা বালাতে নীল সূতো দিয়ে এফোদের বলার সঙ্গে বুকপাটা বেঁধে রাখলেন; ঠিক যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন তেমন এইগুলি করা হয়েছিল।

অন্যান্য যাজকীয় পোশাক

বত্সলেল এফোদের পোশাক সম্পূর্ণভাবে বুনে তৈরী করলেন, এটি তন্তু দিয়ে তৈরী ও সম্পূর্ণ নীল রঙের। এটির মাঝখানে মাথার জন্য খোলা গলা ছিল। সেই খোলা জায়গাটি যাতে ছিঁড়ে না যায় সেই জন্য গলার চারদিকে বিনুনি করা ছিল। আর তাঁরা সেই পোশাকের আঁচলে নীল, বেগুনে, ও লাল পাকান সূতোর ডালিম তৈরী করলেন। পরে তাঁরা খাঁটি সোনার ঘন্টা তৈরী করলেন এবং সেই ঘন্টাগুলি ডালিমের মাঝখনে ও পোশাকের আঁচলের চারদিকে ডালিমের মাঝখানে দিলেন। সেবা করার পোশাকের আঁচলে চারদিকে একটি ঘন্টা ও একটি ডালিম, একটি ঘন্টা ও একটি ডালিম, এইরূপ করলেন; ঠিক যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। পরে তাঁরা হারোণ ও তাঁর ছেলেদের জন্য সাদা মসীনা সুতো দিয়ে গায়ের পোশাক তৈরী করলেন। তারা সাদা মসীনা সুতো দিয়ে তৈরী উষ্ণীয় ও সাদা মসীনা সুতো দিয়ে তৈরী শিরোভূষন ও পাকান সাদা মসীনা সুতো দিয়ে তৈরী শুল্ক জাঙ্গিয়া তৈরী করলেন। এবং পাকান সাদা মসীনা সুতো দিয়ে এবং নীল, বেগুনে, ও লাল সূতো দিয়ে সূচের কাজ দ্বারা এক কোমরবন্ধন তৈরী করলেন। এইগুলি ঠিক যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন তেমন করলেন। পরে তাঁরা খাঁটি সোনা দিয়ে পবিত্র মুকুটের জন্য পাত তৈরী করলেন এবং খোদাই করা মুদ্রার মত তার উপরে লিখলেন, “সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র।” পরে তারা পাগড়ির উপরে নীল সূতো দিয়ে সেটি বাঁধলেন; এটি করেছিলেন যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

মোশি তাঁবুর পরিদর্শন করেন

সুতরাং এই ভাবে সমাগম তাঁবুর কাজ অর্থাৎ পবিত্র জায়গার কাজ গুলি শেষ হয়েছিল; ইস্রায়েলের লোকেরা সবই করেছিল। তারা মোশির প্রতি দেওয়া সদাপ্রভুর সব আদেশ মেনে কাজ করেছিল। পরে তারা মোশির কাছে তাঁবুটি এনেছিল এবং তারা তাঁবু এবং তাঁবু সংক্রান্ত সব জিনিস, এর ঘন্টা, তক্তা, খিল, স্তম্ভ ও ভিত্তি এনেছিল রক্তের মত লাল রঙের ভেড়ার চামড়ার তৈরী ছাদ, শীলের চামড়ার তৈরী ছাদ এবং গোপন করার জন্য পর্দা, এবং সাক্ষ্য সিন্দুক ও তা বহন করার জন্য দণ্ড এবং পাপাবরণ। তারা টেবিল ও তার সব পাত্রগুলি এবং দর্শন রুটি আনলো, খাঁটি সোনার তৈরী দীপদানি এবং সারিতে তার প্রদীপগুলি, এর সঙ্গে তার সব পাত্রগুলি এবং দীপের জন্য তেল; সোনার বেদি, অভিষেকের তেল এবং সুগন্ধি ধূপ ও তাঁবুর দরজার জন্য পর্দা; ব্রোঞ্জের বেদি ও তার সঙ্গে ব্রোঞ্জের ঝাঁঝরী এবং তা বয়ে নিয়ে যাওয়ার জন্য দণ্ড ও সব পাত্রগুলি; বড় গামলার মত পাত্র ও তার জন্য দানি। তারা উঠানের জন্য পর্দা ও তার সঙ্গে স্তম্ভ ও ভিত্তি আনলো এবং উঠানের দরজার জন্য পর্দা ও তার দড়ি, গোঁজ ও সমাগম তাঁবুর সেবা কাজের জন্য সব পাত্র আনলো। তারা পবিত্র জায়গায় পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম ভাবে কাজ করা পোশাক আনলো, হারোণ যাজক ও তাঁর ছেলেদের জন্য পবিত্র পোশাক, তাদের যাজক কাজের জন্য এই পোশাক। যদিও সদাপ্রভু মোশিকে যেমন আদেশ করেছিলেন সেই অনুযায়ী ইস্রায়েলের লোকেরা সব কাজই করেছিল। মোশি ঐ সব কাজের প্রতি পরীক্ষামূলক ভাবে লক্ষ্য করলেন, আর দেখ, তারা সেগুলি করেছে। যেমন ভাবে সদাপ্রভুর আদেশ করেছিলেন সেই ভাবেই তারা করেছে। তখন মোশি তাদেরকে আশীর্বাদ করলেন।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.